থাইল্যান্ডে অভিযোগ থেকে ৯২ মুসলমানের অব্যাহতি
২০০৪ সালে দেশের দক্ষিণাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন অমান্যের যে অভিযোগ আনা হয়েছিল ৯২ জন মুসলমানের বিরুদ্ধে তা শুক্রবার খারিজ করে দিয়েছে থাইল্যান্ড।
সরকারের আগের কঠোর নীতিমালার ফলে ওই এলাকায় বিক্ষোভ দেখা দেওয়ায় গত তিন বছরে ১,৭০০ এরও বেশি মানুষ মারা গেছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সুরাইউদ চুলানন্ট ক্ষমা চাওয়ার একদিন পর এ আদেশ জারি করা হয়েছে।
প্রসঙ্গত ২০০৪ সালে মুসলমানদের বিক্ষোভ দমন অভিযান কালে সেনাদের প্রিজনভ্যানে গাদাগাদি করে রাখা ৭৮ মুসলমান দমবন্ধ হয়ে মারা যায়।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এটর্নি জেনারেলের মুখপাত্র আত্তাপোল ইয়েসাওয়াং বলেন, ওই ৯২ জনের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টিতে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছিল । এটর্নি জেনারেল পাতছাড়া উতিথামদামরং তা খারিজ করার আদেশ দিয়েছেন।
আত্তাপোল আরও বলেন, নারাথিওয়াতের প্রাদেশিক অফিসে এ আদেশ পাঠানো হয়েছে এবং তারা আশা করছেন বিচারকরা সোমবার অভিযোগ উঠিয়ে নেবেন।
মালয়েশিয়ান সীমান্তের কাছে তাক বাইয়ের নারাথিওয়াত শহরের পুলিশ স্টেশনের সামনে ২০০৪ সালের ২৫ অক্টোবর একটি মিছিল ছত্রভঙ্গ করার সময় পুলিশ ও সেনাদের গুলিতে সাত মুসলমান বিদ্রোহী নিহত হয়। ৭৮ জনকে আটক করে সেনাবাহিনীর ট্রাকের পেছনে বসিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যায়।
সরকারি এক তদন্তে দেখা যায় বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে অযৌক্তিক ব্যবস্থা নেওয়া হয়। তবে অভিযানে সেনাবাহিনীর যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদের শাস্তি দেওয়া হয়নি। দক্ষিণাঞ্চলে এ ঘটনার সময় দায়িত্বে থাকা জেনারেলকে পরবর্তী কালে ব্যাংককে একটি নিম্নপদে নিয়োগ দেওয়া হয়।
আত্তাপোল বলেন, ২০০৪ সালে আটককৃত ৯২ জনের মধ্যে ৫৮ জন এর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হলেও কোন রায় হয়নি। বিচার প্রক্রিয়া চলাকালে দুইজন মারা যান।
