আর কোন পরমাণু পরীক্ষা চালানো হবে না: উ. কোরীয় নেতা
উত্তর কোরিয়ার আর কোন পরমাণু পরীক্ষা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং--ইল। সফররত চীনা দূত ট্যাং জিয়াশুয়ানকে তিনি একথা বলেন বলে চীনের এক কূটনীতিককে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়।
ওই চীনা কূচনীতিক বলেন,‘আমি যেটা বুঝতে পেরেছে সেটা হলো তিনি এটা পরিষ্কার বলেছেন যে আর কোন পরমাণু পরীক্ষা চালানোর পরিকল্পনা তাদের নেই।’
চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ট্যাং জিয়াশুয়ান পিয়ংইয়ং থেকে ফিরে বেইজিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইসের সাথে বৈঠকে বসেন। বৈঠকের শুরুতে তিনি বলেন,‘সৌভাগ্যক্রমে আমার এবারের সফর বৃথা যায়নি।’
এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওঝিং জানান, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে বন্ধ থাকা আলোচনা কিভাবে আবারও শুরু করা যায় তা নিয়েও ট্যাং দেশটির কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।
তিনি আরও বলেন, ‘এটা অন্তত পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করেছে। কিভাবে শিগগিরই ছয় জাতি আলোচনা আবারও শুরু করা যায় তা নিয়ে সবাই আলোচনা করছেন।’
