উ. কোরিয়ায় নিষেধাজ্ঞা আরোপ নিরাপত্তা পরিষদে অনুমোদিত
উত্তর কোরিয়ায় সামরিক ও অর্থনৈতিক শাস্তি আরোপে নিরাপত্তা পরিষদের সব সদস্য প্রস্তাব অনুমোদন করেছেন। বিনা আপত্তিতে পাশ হওয়া এ প্রস্তাব সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার মুখপাত্র পুরো বিষয়টিকেই গুন্ডামি (গ্যাংস্টার লাইক) বলে অভিহিত করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর শাস্তি আরোপ করতে যাচ্ছে জাপান। এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত আলোচনার জন্য রোববার সিউলে আসছেন।
মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসও শিগগিরই জাপান. দক্ষিণ কোরিয়া এবং চীন সফরে আসছেন।
জাতিসংঘের প্রস্তাবনায় উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কার্যক্রমকে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উপর পুরোপুরি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার পথে গমনকারী এবং সেখান থেকে আসা জাহাজগুলোকে জাতিসংঘের যেকোনো রাষ্ট্র থামিয়ে পরীক্ষা করে দেখতে পারবে যে সেখানে কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে কি-না?
