আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন নতুন জাপানি প্রধানমন্ত্রী আবে
আগামী সপ্তাহে চীন এবং দক্ষিণ কোরিয়া সফরে যাবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী শিনজো আবে। আঞ্চলিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন দৃঢ় করতেই তিনি এই সফরে যাচ্ছেন।
আবে আগামী ৮ অক্টোবর প্রথমে চীন সফর করবেন। পরদিন তিনি বেইজিং থেকে দক্ষিণ কোরিয়া সফরে যাবেন বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।
গত পাঁচ বছরের মধ্যে এটাই জাপানের কোনো প্রধানমন্ত্রীর সাথে চীনের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও নেতাদের প্রথম শীর্ষ বৈঠক।
উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা এবং পরমাণু সমৃদ্ধকরণ ইস্যু দ্বিপক্ষীয় এই শীর্ষ বৈঠকে প্রাধান্য পাবে বলে জানা গেছে।
এর আগে তীব্র বিক্ষোভের মুখে জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির চীন ও দক্ষিণ কোরিয়া সফর বাতিল হয়ে যায়। জাপানের বহুল বিতর্কিত ইয়াশুকুনি সমাধিস্থল পরিদর্শনে গেলে ব্যাপক গণবিক্ষোভ ও সমালোচনার মুখে পড়েন কোইজুমি।
জাপান যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত যুদ্ধাপরাধীদের স্মরণে নির্মিত হয়েছিল ইয়াশুকুনি সমাধিস্থল।
চীন ও দক্ষিণ কোরিয়া মনে করে এই সমাধিস্থলটি জাপানের অতীত, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্বের সময় জাপানের সামরিকতন্ত্রের চিহ্ন বহন করে।
চীন, দক্ষিণ কোরিয়াসহ প্রতিবেশী দেশগুলোর তীব্র বিরোধিতা সত্ত্বেও ছয়বার এই সমাধিস্থলটি পরিদর্শনে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কোইজুমি।
জাপানের রক্ষণশীল দলের নতুন প্রধানমন্ত্রী শিনজো আবের ইয়াশুকুনি সমাধিস্থল পরিদর্শনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অ¯ী^কৃতি জানান।
তবে নির্বাচনে আবের বিজয় প্রতিবেশী দেশের সাথে জাপানের আঞ্চলিক সম্পর্কোন্নয়নে নিঃসন্দেহে আশার জানালা খুলে দিয়েছে।
