২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ার ‘সন্ত্রাসবাদে’ ক্ষিপ্ত পুতিন

জর্জিয়ায় চার রুশ কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটকের ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মাধ্যমে জিম্মিকরণ’ হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। ওই ঘটনার পর রোববার মস্কোয় নিজের নিরাপত্তা কমিটির সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে দুদেশের মধ্যে সংকট শুরু হওয়ার পর পুতিন এই প্রথম মুখ খুললেন।

তিনি অভিযোগ করেন, জর্জিয়া বিদেশিদের পৃষ্ঠপোষকতায় রাশিয়ার বিরুদ্ধে উস্কানী দিচ্ছে। তিনি ইঙ্গিত দেন, জর্জিয়ার সরকারের এই পদক্ষেপের পেছনে পশ্চিমা দেশগুলোর ইন্ধন আছে।

তিনি বলেন, এটা তার কাছে স্পষ্ট যে জর্জিয়া এটা করেছে রাশিয়াকে আহত করার জন্য, উস্কে দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, এটা তারাই করছে যারা মনে করে জর্জিয়ার রুশবিরোধী পররাষ্ট্রনীতি দেশটির জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। তাদের এই ধারণা একেবারেই ভুল।

জর্জিয়ার কর্তৃপক্ষের রুশ সামরিক কর্মকর্তাদের জেলে আটক রাখার ঘটনাকে পুতিন জোসেফ স্ট্যালিনের শাসনামলে সোভিয়েত গোয়েন্দা পুলিশের কুখ্যাত প্রধান ল্যাভেন্ট্রি বেরিয়ারের কর্মকাণ্ডের সাথে তুলনা করেন।

এই সংকট শুরু হওয়ার পর রাশিয়া গত কয়েক দিনে জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে তাদের অনেক কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছে। দেশটি জর্জিয়া থেকে সৈন্য প্রত্যাহারের কাজও স্থগিত রাখছে।     

তিন বছর আগে মিখাইল সাকাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সাকাশভিলি ক্ষমতায় এসেই অঙ্গীকার করেন, তার দেশ ন্যাটো সামরিক জোটে যোগ দেবে এবং জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি অঞ্চল আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়ার ওপর তাদের কর্তৃত্ব পুনর্প্রতিষ্ঠা করবে। জর্জিয়ার অভিযোগ রাশিয়া ওই দুটি অঞ্চলে বিচ্ছিন্নতাবাদে মদদ দিচ্ছে।