সোফাতে এবং বাবা-মা’র সাথে শোবার কারণে শিশু মৃত্যুর হার বাড়ছে
বাবা-মায়ের সাথে সোফায় ঘুমিয়ে পড়ার পর শ্বাসরোধ হয়ে ইউরোপের অনেক শিশু মারা যাচ্ছে বলে এক গবেষণায় প্রকাশ পেয়েছে।
ব্রিস্টল রয়েল শিশু হাসপাতালের একটি গবেষক দল অনুসন্ধাণ করে দেখেছে যে, যুক্তরাজ্যে বছরে প্রায় ৩০টি শিশু তাদের বিছানার চেয়ে বাবা-মায়ের সাথে সোফায় একসাথে ঘুমাবার কারণে মারা যাচ্ছে।
গবেষকরা বলেন, বাবা-মায়েরা যদি ক্লান্ত থাকেন তবে কখনোই তাদের ছোট্ট শিশুটিকে নিয়ে একসাথে জড়োসড়ো হয়ে শোয়া উচিত নয়।
গবেষণায় দেখা গেছে, এই ধরণের ঘটনা দরিদ্র পরিবারগুলোতে বেশি ঘটে, বিশেষ করে যেখানে শিশুটির মা ধূমপান করে।
এ বিষয়ে একটি সফল গণশিক্ষা কার্যক্রম চালানোর পর দেখা গেছে ১৯৯১ সাল থেকে শিশুর বিছানায় মৃত্যুর হার ৭৫% কমে গেছে বলে গবেষকরা জানান।
তবে এরপরও তাদের এই পরামর্শ অনেক দরিদ্র পরিবারের মায়েদের কাছে এখনো পৌঁছায়নি।
ইতোমধ্যেই জানা গেছে যে, যেসব বাচ্চারা অসময়ে জন্মানো এবং কম ওজন নিয়ে জন্মেছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে শ্বাসরোধ মৃত্যুর (এসআইডিএস) সম্ভাবনা বেশি থাকে।
ছেলে শিশুদের ক্ষেত্রে মৃত্যুর হার বেশি যারা বাবা-মায়ের পাশে বা সামনে ঘুমায়। সাম্প্রতিক একটি গবেষণায় অধ্যাপক পিটার বিশেষভাবে উল্লেখ করেন যে, যারা তাদের শিশুটিকে নিযে সোফায় ঘুমায় তাদের ক্ষেত্রে আশংকাটা বেশি। আবার গর্ভাবস্থায় বা শিশুর জন্মের পর ঘরে ধূমপান করাটা আরেকটি আশংকাজনক কারণ।
এছাড়াও দেখা গেছে শুধুমাত্র সোফায় এক সাথে শোবার কারণে ৩০টি মৃত্যুর ঘটনা ঘটেছে যেখানে বিছানায় একসাথে শুয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ১৩৫টি।
অধ্যাপক ফ্লেমিং বলেছেন যে, এধরণের শিশু মৃত্যু হার কমাতে আমার বাবা-মা’কে তাদের শোবার পরিবেশ পরিবর্তন করতে বলেছি।
এই গবেষণা আরেকটি বিষয় প্রকাশ করেছে যে, দরিদ্র পরিবারে শ্বাসরোধ হয়ে শিশু মৃত্যুর হার ৪৭% থেকে ৭৪% বেড়েছে। এছাড়া ধূমপায়ী মায়েদের শিশুর মৃত্যুর হার বেড়েছে ৫৭% থেকে ৮৬%।
অযাচিত মৃত্যু বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক জোসি ইপস্টেন বলেন, এ ধরণের গবেষণার পর গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রায় ১৪,০০০ জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। তারপরও প্রতিবছর যুকÍাজ্যে প্রায় ৩০০শিশু মারা যাচ্ছে।
