২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিদ্রোহী হামলা আরও বাড়বে বলে বুশের সতর্কতা

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী মাসে ইরাকে নতুন সংবিধানের ওপর ভিত্তি করে অনুষ্ঠেয় গণভোটকে সামনে রেখে বিদ্রোহীরা আরও হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 09:46 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি যুক্তরাষ্ট্র ও ইরাক বাহিনীকে এ হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন। ইরাকে প্রথমবারের মতো মহিলা আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে আটজন নিহত হলে বুশ এ কথা বলেন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে, সে দেশের বেশিরভাগই ইরাক যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার বিপক্ষে রয়েছে।

বোমা হামলাকারী ওই মহিলা উত্তর ইরাকের তালাফারে একটি জনবহুল সামরিক নিয়োগ কেন্দ্রের সামনে হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানায়। ইসলামি সংগঠন আল কায়েদা ইন্টারনেটে এ ঘটনার দায়িত্ব স্বীকার করে বার্তা পাঠিয়েছে।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট বুশ সবাইকে সতর্ক করে বলেন, ১৫ অক্টোবর গণভোটকে কেন্দ্র করে আরও হামলা চালানো হতে পারে।

মার্কিন দু’জন উচ্চ পর্যায়ের জেনারেলের সঙ্গে আলোচনা শেষে তিনি এ বক্তব্য দেন। হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও তিনি জানান।

প্রেসিডেন্ট বুশ আল কায়েদা নেতা আবু আজমকে হত্যার প্রতি ইঙ্গিত করে মার্কিন কৌশলের প্রশংসা করেন।

এদিকে ইরাকে মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইরাকে এ পর্যন্ত ২ হাজার মার্কিন সেনা নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রেসিডেন্ট বুশ মার্কিনীদের প্রস্তুত থাকতে বলেছেন।

তিনি ইরাকে মার্কিন শীর্ষ কমান্ডার জেনারেল জর্জ ক্যাসি এবং মার্কিন প্রধান কেন্দ্রীয় কমান্ডার জেনারেল জন আবিজায়েদকে কংগ্রেসে ইরাক যুদ্ধের ব্যাপারে আলোচনার জন্য বলেছেন। তিনি বলেন, মার্কিন সৈন্য এবং ইরাকে মিশন পরিচালনার জন্য কংগ্রেসের সহযোগিতা প্রয়োজন।