২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের নির্বাচনে সামান্য ব্যবধানে ক্ষমতাসীন লেবার পার্টির জয়

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করলেও সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থন প্রয়োজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের দল সংসদে ৫০টি আসনে জিতেছে। এতে করে তার দল সংখ্যাগরিষ্ঠতা লাভে কিছুটা পিছিয়ে থাকলেও বিরোধী দল ন্যাশনাল পার্টির চেয়ে মাত্র একটি আসন বেশি পেয়েছে।

ক্লার্ক সরকার গঠনে ক্ষুদ্র দলগুলোর সঙ্গে সমঝোতা করার কথা বললেও নিজেদের জোট নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন।

ন্যাশনাল পার্টির নেতা ডন ব্রাশ পরাজয় অস্বীকার করে বলেছেন, তিনি জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ক্লার্ক যদি আবারও সরকার গঠন করতে সমর্থন হন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই হবেন পর পর তিনবার সরকার গঠন করা প্রথম লেবার নেতা।

ক্লার্ক বলেন, গত ছয় বছর ধরে তিনি সংখ্যাগরিষ্ঠ সরকার পরিচালনা করছেন। ভবিষ্যতে আরও একবার সরকার গঠনের ইচ্ছে তার রয়েছে।

নির্বাচনী প্রচারণায় দেশের অর্থনীতিকে ধরে রাখায় লেবার পার্টির কৃতিত্বের প্রতিও তিনি ইঙ্গিত দেন।

এদিকে ব্রাশ তার নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের কথা বলেন। এছাড়াও সমাজ কল্যাণ এবং নিউজিল্যান্ডের আদি মাওরি জনগোষ্ঠীর ভোটাধিকারে কিছুটা পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন।

অবশ্য লেবার পার্টি সরকার গঠনে সমর্থ হবে বলে ধারণা করা হচ্ছে।

ডানপন্থি দলগুলো পুরোপুরি সমর্থন না দিলেও ইতোমধ্যে লেবার পার্টি গ্রিন এবং প্রোগ্রেসিভ পার্টির সমর্থন পেয়েছে। এছাড়াও মাওরি পার্টির সমর্থনও পাবেন বলে আশা করা হচ্ছে।