ফ্রান্স থেকে ভারত ৬টি স্কর্পিন সাবমেরিন কিনছে
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্যারিস পৌঁছেই ফ্রান্স থেকে ৬টি স্কর্পিন সাবমেরিন কেনার জন্যে ১৬ মাস ধরে ঝুলে থাকা ইস্যুতে সবুজ সংকেত দিলেন।
সাবমেরিনগুলো এখন ভারত পৌঁছার অপেক্ষায় মাত্র।
তিন বিলিয়ন ডলারের এ চুক্তি’র পর উচ্ছসিত ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক বলেছেন, ইন্দো-ফ্রান্স সম্পর্কের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নতুন অধ্যায় যোগ করেছে। এনডিটিভি মঙ্গলবার এ খবর প্রচার করে।
শিরাক সংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী ৬টি স্করপিন সাবমেরিন ও ৪৩টি এয়ারবাস কেনার বিষয়টি চুড়ান্ত করায় আমি খুবই খুশি। আমি মনে করি এর মাধ্যমে দু’দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে।
মনমোন সিং মঙ্গলবার দুই দিনের সফরে ফ্রান্স পৌঁছেন।
ভারতীয় নৌবাহিনীর বর্তমানে ১৬টি ডিজেল ইলেক্ট্রিক সাবমেরিন রয়েছে। এর মধ্যে দুটি ভেলা, চারটি শিশুমার ও ১০টি সিংঘুঘোষ শ্রেনীর।
এর মধ্যে কয়েকটি পুরোনো হয়ে গেছে এবং স্করপিনগুলো পৌঁছুলেই তা বাতিল করে দেয়া হবে। ফ্রান্সের ডিসিএন ও স্পেনের নভন্তিয়া যৌথভাবে এ সাবমেরিনগুলো তৈরি করেছে।
১৫০০ টনের একেকটি স্কর্পিন সাবমেরিন নিরব কিন্ত আগ্রাসী যুদ্ধ জাহাজ। অত্যাধুনিক টর্পেডো সজ্জিত, যা টানা ২৪০ দিন সমুদ্রে অবস্থান করতে পারে। ৩০০ মিটার সমুদ্র গভীরে থেকে এসব সাবমেরিন ঘুরে বেড়ায়।
ভারতের পক্ষে যুদ্ধাস্ত্র কেনার এটি দ্বিতীয় বৃহত্তম ডিল। সর্ববৃহৎ ডিলটি ছিলো ইন্ডিয়ান এয়ারলাইন্সের জন্যে ৪৩টি এয়ারবাস ক্রয়।
