২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে দুর্নীতিবিরোধী বিক্ষোভ

ব্রাজিলের পার্লামেন্ট সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে সাওপাওলোতে হাজার হাজার বিক্ষোভকারী বুধবার বিক্ষোভ প্রদর্শন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

প্রবল বর্ষণ সত্ত্বেও আইনজীবী, ছাত্র-ছাত্রী, ইউনিয়ন সদস্য ও ব্যবসায়ীরা দলে দলে রাজপথে সমবেত হয়ে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে।

নির্বাচনের সময় নগদ অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ১৮ পার্লামেন্ট সদস্যকে অভিযুক্ত করে সেই সাথে অভিযুক্তদের পার্লামেন্ট থেকে বহিষ্কারের করতে তদন্ত কমিটি সুপারিশ করেছে।

অভিযুক্ত এমপিদের রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি তাদেরকে নিয়মবহির্ভূতভাবে নগদ অর্থ দিয়েছে।

বিক্ষোভে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে ব্রাজিলের অ্যসোসিয়েশন অব ক্রিমিনাল ডিফেন্স ল’ইয়ার্স-এর প্রেসিডেন্ট লুইস ফ্লাবিও ডারসো বলেন, ব্রাজিলের জনসাধারণ সকল অপরাধ কর্মকাণ্ডের মুখোশ উন্মোচন, অপরাধীদের বিচার এবং তাদের কঠোর শাস্তি দেখতে চায়।

বিক্ষোভ সমাবেশের আয়োজকরা বলেছেন, কমপক্ষে ১৫ হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। তবে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, অংশগ্রহণকারীর সংখ্যা চার থেকে ছয় হাজার হবে।

প্রেসিডেন্ট লুইস ইনাসিও লু দা সিলভার জিরো হাঙ্গার অভিযান অনুসারে আয়োজকরা বিক্ষোভ সমাবেশের নাম দিয়েছেন জিরো করাপশন।

প্রতিবাদকারীরা লুলা ও তার সরকারের কনজারভেটিভ অর্থনৈতিক নীতির বিরুদ্ধেও স্লোগান দেয়।

প্রেসিডেন্ট লুলার দুর্নীতির সাথে জড়িত থাকার সরাসরি কোন অভিযোগ না উঠলেও সরকারের এমপিদের জড়িত থাকার কারণে তার জনপ্রিয়তা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এর বিরাট প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।