২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে থিয়েটারে অগ্নিকাণ্ডে ২৯ জনের প্রাণহানি

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের বেনি সুয়েফ শহরের এক থিয়েটারে সোমবার রাতে এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 09:41 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

একটি মোমবাতি থেকে পুরো থিয়েটারে আগুন ধরে গেলে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার সরকারি কর্মকর্তা ও বেঁচে যাওয়া লোকজন জানিয়েছেন।

সরকারি কর্মকর্তা, প্রত্যক্ষদর্শীরা জানান, কায়রোর ১০০ কিলোমিটার দক্ষিণের নীল উপত্যকার বেনি সুয়েফ শহরের এক এক্সপেরিমেন্টাল থিয়েটারে ওই সময় সেক্সপিয়ারের হ্যামলেট নাটকটি মঞ্চায়িত হচ্ছিল। একটি মোমবাতি উল্টে গিয়ে প্রথমে কার্পেটে আগুন ধরে যায় এবং পরবর্তীতে পুরো থিয়েটারে আগুন ছড়িয়ে পড়ে।

নাটকের প্রযোজক আদিল হাসান জানিয়েছেন, ছোট্ট অডিটোরিয়ামটিতে একটি মাত্র এক্সিট দরজা রয়েছে। প্রায় ১০০ জন দর্শক হ্যামলেট নাটকটি দেখছিল।

বেনি সুয়েফ হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, আগুন লাগার পর সবাই একসাথে একটি মাত্র দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে অনেকে সময়মত দরজা দিয়ে বের হতে পারেনি।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর দেড়টায়) একতলা অডিটরিয়ামটিতে আগুন ধরে। দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে।

ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সরকারি কৌসুলি কার্যালয়ের প্রধান মোহামেদ সাফাওয়াত জানিয়েছেন।

থিয়েটার ক্লাব আয়োজিত শনিবার থেকে শুরু হওয়া নাট্য উৎসবটিতে মিশরের উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট সাঈদ থেকে আসা একটি নাট্যদল হ্যামলেট নাটকটি প্রদর্শন করছিল বলে অভিনেতা মাগদি উইসা জানান। আহতদের মধ্যে ১৪ জন নাট্যকর্মীও রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী মোহামেদ আওয়াদ তাগ উদ্দিন মঙ্গলবার ভোরেই দুর্ঘটনাস্থল পরিদর্শণ করবেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।