পাকিস্তানে সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিকের মুক্তির ব্যাপারে মোশাররফের সাথে কথা বলবেন মনমোহন
পাকিস্তানে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক ভারতীয় নাগরিকের সাজা মওকুফের জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তান প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।
সাজাপ্রাপ্তের মুক্তির ব্যাপারে জনমত সৃষ্টি হলে মনমোহন সিং পাঞ্জাব কংগ্রেসের এমপি ও এমএলএ-র একটি প্রতিনিধি দলকে এ ব্যাপারে মোশাররফের সাথে কথা বলার আশ্বাস দেন।
পাঞ্জাব কংগ্রেস কমিটির প্রধান শমসের সিং দুলু সাংবাদিকদের বলেন, একজন নির্দোষ লোককে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সকল চেষ্টা চালানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। ভুল পরিচয় সন্দেহে তাকে সাজা দেওয়া হচ্ছে।
পাকিস্তান দোষী ব্যক্তিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবে চিহ্নিত করে এবং গোয়েন্দাবৃত্তি ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় চারটি বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার কারণে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে।
পাকিস্তান সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মনজিৎ সিং বললেও তার পরিবার বলছে সে সর্বজিৎ সিং। তাকে ভুল করে ভারতের গুপ্তচর ভেবে শাস্তি দেওয়া হচ্ছে। নির্দোষ ব্যক্তির যেন শাস্তি না হয় সেজন্য সর্বজিৎ-এর বোন দলবীর কাউর ভারতের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংয়ের সাথে সাক্ষাৎ করেন এবং দ্রুত সাক্ষ্য-প্রমাণাদি পাঠিয়ে তার মুক্তির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
