আফগানিস্তানে মার্কিন অভিযানে ১০০ জঙ্গী নিহত
আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে মার্কিন ও আফগান বাহিনীর গত তিন সপ্তাহের অভিযানে ১০০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
দেশটিতে অগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন যাতে সফলভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে এ অভিযান চালানো হয় বলে মার্কিন সেনাসূত্র জানিয়েছে।
অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে তালেবান জঙ্গিরা তাদের সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি করলেও সোমবার বলেছে, ভোটকেন্দ্রগুলোতে তারা কোন হামলা চালাবে না।
মেজর জেনারেল জ্যাসন ক্যামিয়া বলেন, জঙ্গিরা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ দেবে, নয়ত সংঘাত সংঘর্ষ মৃত্যু ও পরাজয়কে বরন করবে।
কুনারের পার্বত্য অঞ্চলে গত কয়েক সপ্তায় মার্কিন সেনাদের ওপর জঙ্গীরা বেশ কয়েকটি মারাত্মক হামলা চালায় বলেও জানা গেছে।
জাবুল প্রদেশে ৬০জন ও কুনারে ৪০ জনেরও বেশি জঙ্গী নিহত হয়েছে বলে মার্কিন সেনাসূত্র দাবি করছে।
আফগানিস্তানে ২০০১ সালের তালেবান উচ্ছেদের পর থেকে এ পর্যন্ত প্রায় ২০০ মার্কিন সেনা প্রাণ হারিয়েছে।
