‘ভিজে ডে’র স্মরণ সভায় ডিউক অব এডিনবরা
জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ‘ভিজে ডে’ স্মরণ করতে ডিউক অব এডিনবরা এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে দূরপ্রাচ্যে ব্রিটিশ সামরিক বাহিনীর হয়ে অংশগ্রহণ করা সেনা কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ডিউক লন্ডনের ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামে সাবেক যুদ্ধবন্দি ও সেবা কর্মচারিদের সাথে এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণ সভা ব্রিটেন জুড়ে অনুষ্ঠিত হবে। স্মরণ সভার আয়োজকদের মতে, অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাতির ত্যাগের কথা জানে না। এমনকি ‘ভিজে ডে’ দিনটি কবে অধিকাংশরা তাও জানে না বলে তারা অভিযোগ করেছেন।
আরবিএল’র গবেষণা মতে, ১১ থেকে ১৮ বছর বয়সী ব্রিটিশদের মধ্যে মাত্র শতকরা দুই ভাগ ঠিকভাবে ‘ভিজে ডে’ সম্পর্কে জানে।
১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পৃথিবীর প্রথম দু’টি আণবিক হামলার কারণে ১৫ আগস্ট জাপান মিত্র শক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। অবশ্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন পত্র স্বাক্ষরিত হয় ২ সেপ্টেম্বর ১৯৪৫।
ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামের অনুষ্ঠানে ডিউক ফরগটেন আর্মি বলে পরিচিত চর্তুদশ ব্রিটিশ আর্মি, সাবেক ব্রিটিশ প্যাসিফিক ফ্লিট ও দূরপ্রাচ্যের যুদ্ধ বন্দিদের সাথে সাক্ষাৎ করবেন।
ডিউক নিজেও ব্রিটিশ প্যাসিফিক ফ্লিটের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি জাপানের চূড়ান্ত আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
