২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা উপত্যকা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহার শুরু

অবশেষে গাজা উপত্যকা থেকে বহু প্রতীক্ষিত ইহুদি বসতি প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় বসতি প্রত্যাহার শুরু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 09:25 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ইসরাইলি সেনাবাহিনী সোমবার ভোর থেকে গাজা উপত্যকার ইহুদি বসতি স্থাপনকারীদের দুই দিনের মধ্যে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেবে। এই সময়ের মধ্যে বসতি ত্যাগ না করলে তাদেরকে জোর করে স্থান ত্যাগে বাধ্য করা হবে বলে সেনাবাহিনী জানিয়েছে।

বসতি স্থাপনকারীদের উপর কোন ধরনের হামলা ছাড়াই যেন গাজা উপত্যকা থেকে বসতি প্রত্যাহার নিরাপদে সম্পন্ন হতে পারে তা নিশ্চিত করতে গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনীর বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই অনেক বসতি স্থাপনকারী তাদের স্থান ত্যাগ করবে। তবে ইসরাইলি ডানপন্থিদের সমর্থনপুষ্ট বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে থেকে যাওয়ার চেষ্টা করবেন বলে জানা গেছে। বসতি স্থাপনকারীদের এক মুখপাত্র আভনার শিমোনি জানান, শতকরা ৫০ থেকে ৬০ ভাগ বসতি স্থাপনকারী থেকে যাবেন।

সেনাবাহিনীর বেধে দেয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাজায় ইহুদি বসতি স্থাপনকারীদের অবস্থান অবৈধ বলে গণ্য হবে।

গাজাতে কোন যান প্রবেশে বাধা দেয়ার জন্য রোববার মধ্যরাতে ইসরাইলি সেনাবাহিনী ইসরাইল-গাজা সীমান্তের কিসুফার্ম চেকপোস্টে ব্যারিয়ার তৈরি করে। এর সাথে সাথে গাজা থেকে ইহুদি বসতি প্রত্যাহার শুরু হয়ে যায়। চেকপোস্টে ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা রয়েছে : থামুন, গাজা উপত্যকায় প্রবেশ ও সেখানে অবস্থান আইন অনুযায়ী অবৈধ।

গাজার নয় হাজার ইহুদি বসতি স্থাপনকারীরা অথবা অন্য কোন বহিরাগত প্রতিবাদকারী তাদের সাথে যোগ দিয়ে যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বসতিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

বসতি প্রত্যাহার শুরু হওয়ার পর উত্তেজিত বসতি স্থাপনকারীরা নিভি ডেকালিম বসতি স্থাপনার প্রবেশ পথে টায়ার পুড়িয়ে ও গাড়ি ভাংচুর করে সরকারের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে।

গাজা থেকে বসতি প্রত্যাহারের নির্দেশনা সংবলিত সরকারি বিজ্ঞপ্তি বসতি স্থাপনকারীদের মধ্যে পৌঁছে দেয়ার জন্য সোমবার ও মঙ্গলবার ৪০ হাজারেরও বেশি ইসরাইলি সেনাবাহিনীকে সেখানে পাঠানো হবে।

গাজায় সাড়ে সাত হাজার ফিলিস্তিন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের হামলা প্রতিরোধ করার পাশাপাশি তারা পাশ্ববর্তী ফিলিস্তিনি শহর থেকে আসা ফিলিস্তিনি নাগরিকদের ইহুদি বসতিতে জোরপূর্বক প্রবেশ রোধ করার চেষ্টা করছে।