ইথিওপিয়ায় গাধার জন্য স্বাস্থ্য সেবা, বিস্তারিত
যে দেশে জনসংখ্যার অর্ধেকই সাধারণ চিকিৎসা সুবিধা বঞ্চিত, সেখানে গাধার জন্য অ্যাম্বুলেন্স ও অপারেশন থিয়েটারসহ অত্যাধুনিক একটি হাসপাতাল চালু রাখার বিষয়টি বাড়াবাড়ি মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষের বেঁচে থাকার স্বার্থেই ইথিওপিয়ায় মালবাহী এই প্রাণীর এমন যতœ আত্তি।
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় গাধা খুবই মূল্যবান প্রাণী। দেশটির প্রত্যন্ত অঞ্চলে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা না থাকায়, সে সব এলাকায় বসবাসকারী লাখ লাখ কৃষকের জন্য খাবার ও পানি বয়ে নেয়ার ক্ষেত্রে গাধাই একমাত্র ভরসা।
তাই প্রত্যন্ত অঞ্চলের যে অধিবাসীরা গাধার উপর নির্ভর করে, ক্লিনিক প্রতিষ্ঠার বিষয়টি তাদের কাছে মোটেই বাড়াবাড়ি নয়।
সরকারি পরিসংখ্যান মতে, ইথিওপিয়ায় আধা কোটি গাধা আছে। সংখ্যার বিচারে চীনের পরেই ইথিওপিয়ার স্থান। চীনে রয়েছে এক কোটি বিশ লাখ গাধা।
নিুমানের চিকিৎসা সেবার কারণে ইথিওপিয়ার গাধারা ঘন ঘন রোগে আক্রান্ত হচ্ছিলো। এই প্রেক্ষাপটে দেশটির সবচেয়ে মূল্যবান এই প্রাণী প্রজাতিকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দিতে সরকার একটি হাসপাতাল স্থাপন করে।
গাধাদের জন্য এই সেবা কেন্দ্র রাজধানী আদ্দিস আবাবা থেকে ৪৫ কিলোমিটার পূর্বে ডেবরি-জিটে অবস্থিত।
এখানে চিকিৎসা ও পরামর্শ বিনামূল্যে দেয়া হয়ে থাকে। ১১ বছর বয়সী পশু হাসপাতালের বার্ষিক বাজেট ৬০ হাজার মার্কিন ডলার। যুক্তরাজ্য-ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই ব্যয়ভার বহন করছে। প্রতিষ্ঠানটি ভারত, কেনিয়া, মেক্সিকো এবং স্পেনেও গাধা হাসপাতাল স্থাপন করেছে।
ইথিওপিয়ার হাসপাতালটিতে প্রতিদিন একশ’র বেশি গাধা পরজীবির সংক্রমণজনিত রোগ ও হায়েনার কামড় সংক্রান্ত স্বাস্থ্য সেবা পাচ্ছে।
সাধারণ ওয়ার্ড ছাড়াও গাধাদের জন্য একটি অ্যাম্বুলেন্স এবং জটিল অপারেশনের জন্য একটি থিয়েটার ইউনিট রয়েছে।
কৃষক বানহানু গিমিচুর মতে, আমার গাধাই আমার জীবন। তাকে ছাড়া আমার পরিবার খেতেও পারত না, পান করতেও পারত না। সে আমাদের সরবরাহকারী, আমাদের গাড়ি, আমাদের বন্ধু।
