২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিখ হত্যাকান্ডে উস্কানি দেওয়ার অভিযোগে ভারতীয় মন্ত্রীর পদত্যাগ, বিস্তারিত

প্রবাসী ভারতীয় কল্যাণ বিষয়ক মন্ত্রী জগদীশ টাইটলার অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের দ্বারা নৃশংসভাবে নিহত হওয়ার পর শিখ-বিরোধী যে দাঙ্গা ছড়িয়ে পড়ে তাতে জগদীশ মদদ দিয়েছেন বলে নানাবতী তদন্ত কমিশনের রির্পোটে উল্লে¬খ করা হলে নিজ দল কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দল তার পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শিখ হত্যাকান্ডের সাথে জড়িতদের আইন অনুযায়ী বিচার হবে বলে পার্লামেন্টে প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা দেয়ার পর প্রবাস ভারতীয় কল্যাণ বিষয়ক মন্ত্রী জগদীশ টাইটলার কংগ্রেস সভাপতি ও কেন্দ্রীয় জোট সরকারের চেয়ারম্যান সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে মন্ত্রী জগদীশ টাইটলার নিজেকে নির্দোষ দাবি করে পদত্যাগ করতে অসম্মতি জানিয়েছিলেন।

পদত্যাগপত্র জমা দেয়ার পর ১০ নম্বর জনপথের গান্ধীর বাড়ির বাইরে জগদীশ সাংবাদিকদের বলেন, আমি আমার পদত্যাগপত্র কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে প্রদান করেছি। পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পৌঁছে দেয়ার জন্য আমি সোনিয়ার কাছে আহ্বান জানিয়েছি।

দিল্লির পার্লামেন্ট সদস্য জগদীশ বলেন, সোনিয়া গান্ধী অথবা প্রধানমন্ত্রীর যেন কোন সুনামহানি না হয়, এ জন্য আমি পদত্যাগ করেছি। তার বিরুদ্ধে আনীত শিখ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা তিনি আবারও অস্বীকার করেছেন। তার ভাষায়, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, আমি কেন আমার দলকে বিপদে ফেলব? আমি চাই তদন্তের মাধ্যমে সবকিছু প্রমাণিত হোক। ভারতীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই), আদালতসহ অনেক তদন্তই শিখ-বিরোধী দাঙ্গার উপর চালানো হয়েছে। তাদের কারো প্রতিবেদনেই আমি দোষী প্রমাণিত হয়নি। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার এ পদত্যাগের সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে তিনি জানান।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর শিখ দেহরক্ষীর হাতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার যে দাঙ্গা দেখা দিয়েছিল, সে দাঙ্গার ব্যাপারে সরকার বিচারপতি জি টি নানাবতীর নেতৃত্বে নানাবতী নামে এক তদন্ত কমিশন গঠন করে। কমিশন সোমবার পার্লামেন্টে তদন্ত রিপোর্ট জমা দেয়।

এদিকে শিখ সংগঠনগুলো জগদীশের পদত্যাগের সিদ্ধান্তেও সন্তুষ্ট হতে পারেনি। শিরোমণি আকালি দলের এমপি সুখবির সিং ধিন্ধসা বলেন, পদত্যাগই যথেষ্ট নয়। আমরা চাই কমিশনের রিপোর্ট অনুযায়ী সরকার দ্রুত দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদানের ব্যবস্থা করুক। টাইটলার ও অপর অভিযুক্ত কংগ্রেস এমপি সাজ্জান কুমারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।