ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি বালক নিহত
ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরে অভিযানকালে এক ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করেছে।
এছাড়া সেনাবাহিনী অপর এক তালিকাভূক্ত ইসলামিক জিহাদ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে স্থানীয় অধিবাসী ও মেডিকেল কর্মকর্তারা জানায়।
মেডিকেল কর্মকর্তারা জানান, পশ্চিম তীরের জেনিন শহরে বুধবার ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নাগরিক আহত হয়। আহতদের মধ্যে এক বালক (১৭) পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত বালকের নাম জানা যায়নি।
ঐ ফিলিস্তিনি বালক আরো বেশ কিছু বালকদের সাথে নিয়ে সৈন্যদের দিকে পাথর ছুঁড়ছিল বলে স্থানীয় অধিবাসীরা জানায়।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানকালে জেনিন থেকে তালিকাভূক্ত ইসলামিক জিহাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
