২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডে রিমেক ছবির সংখ্যা বাড়ছে, পুন:নির্মিত হচ্ছে সোলে, ডন

হিন্দী চলচ্চিত্রে বিশাল বাণিজ্যিক সফল এবং বক্স অফিস হিট ছবি রমেশ সিপ্পির “সোলে” পুন:নিমার্ণের উদ্যোগ নেয়া হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ছবিটির নির্মাতা রমেশ সিপ্পি বলেন, “রাম গোপাল ভার্মা সোলে রিমেক করতে গেলে আমার কোন আপত্তি নেই। তিনি একজন ভাল নির্মাতা এবং নতুন চিন্তাভাবনা নিয়ে ছবিটি খুবই উন্নতভাবে রিমেক হবে বলে আশা রাখি। ‘গডফাদার’ এবং ‘সরকার’ ছবিতেও তার স্বাক্ষর রেখেছেন।”

ভার্মা কর্পোরেশন সোলের স্বত্ব ইতিমধ্যে কিনে নেওয়ার পর ফারাহ খান অমিতাভ বচ্চনের “ডন” ছবিটি রিমেকের ঘোষণা দিয়েছেন।

ভার্মা বলেন, “রমেশ সিপ্পির প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। সোলেতে তিনি যা করেছেন তা আমার দ্বারা সম্ভব নয়। তবু আমি নতুন কিছু এরমধ্যে করতে চাই। সোলে রিমেক করার কথা শুনে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে আঁতকে উঠে এবং আমাকে পাগল ভাবতে থাকে। কিন্ত আমি সোলের মূল কাহিনীর সাথে সামঞ্জস্য রেখেই নতুন কিছু উপহার দিতে চাই।”

রিমেক সোলের জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাই শুরু হয়েছে। সোলেতে ধর্মেন্দ্রের সাথে জয় চরিত্রে রূপদানকারী অমিতাভ বচ্চন বলেন, “গডফাদার এবং সরকার রিমেকে সাফল্য দেখেই রামু সোলে রিমেকে উৎসাহিত হয়েছেন তা ঠিক। সোলে তার অরিজিনাল রূপেই আবার ফিরে আসবে বলে আমার বিশ্বাস। ‘ডন’, ‘সোলে’, ‘অমর আকবর অ্যান্টনি’-সহ আমার সব ছবি পুন:নির্মিত হচ্ছে তাই দেখতে চাই।”