২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৮

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলীয় শহর মুসাইব শহরে রোববার বিদ্রোহী গেরিলাদের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পুলিশ জানায়, আত্মঘাতী হামলাকারীরা স্থানীয় একটি শিয়া মসজিদের কাছে হামলা চালায়। হামলার ফলে নিকটবর্তী জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।

হামলায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের শহর ও শহরের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

মুসাইবের পুলিশ প্রধান ইয়াস খুদাইর এ হামলার এ দিনটিকে শহরের ইতিহাসের সবচেয়ে কালো দিনগুলোর একটি বলে আখ্যায়িত করেছেন।

ইরাকে গত দুই মাসের মধ্যে একক কোন হামলায় এত লোকের প্রাণহানির এটাই প্রথম। গত সপ্তাহেও পৃথক ১৬টি আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়। শুক্রবারেও বাগদাদ জুড়ে ১০টি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

ইরাকের আল-কায়েদা জঙ্গি গোষ্ঠি তাদের একটি ওয়েব সাইটে জানায়, ইরাকি নেতা আবু মুসাব আল-জারকাবি আল-কায়েদার সকল সদস্যকে ইরাকে হামলা আরও জোরদার করার জন্য আহ্বান জানিয়েছেন।

এর আগে শনিবার দক্ষিণ-পূর্ব ইরাকের আমারা শহরে গেরিলাদের রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তিন ব্রিটিশ সেনা নিহত হয়।