লন্ডনের আত্মঘাতী বোমা হামলা অনৈসলামিক: মুসলিম নেতৃবৃন্দ
ব্রিটেনের মুসলমান সম্প্রদায়ের নেতৃবৃন্দ লন্ডনের আত্মঘাতী বোমা হামলাকে সম্পূর্ণ অপরাধমূলক, অগ্রহণযোগ্য ও অনৈসলামিক আখ্যা দিয়েছেন। লন্ডন ইসলামিক কালচারাল সেন্টারের ২২ জন নেতা যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
লন্ডনের ওই সভায় মুসলিম নেতৃবৃন্দ বলেন, নিরপরাধ প্রাণ কেড়ে নেয়াকে কোন অজুহাত দিয়ে গ্রহণযোগ্য করা যাবে না।
এর আগে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রধান বলেন, লন্ডনের বোমা হামলাকারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হোক, যাতে করে ভবিষ্যতে আর এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়।
বিবৃতিতে বলা হয়, ইসলামোফোবিয়া, বর্নবাদ, জাতিগত দ্বন্দ্ব, বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অনিরাপত্তার বিরুদ্ধে আমাদেরকে একত্রে কাজ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলাম ক্ষোভ ও ধ্বংসাত্মক কার্যকলাপ অনুমোদন করে না। ইসলামে এদেরকে সম্পূর্ণরূপে হারাম বলে অ্যাখ্যায়িত করা হয়েছে।
সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ও সমাজের মানুষের ভালোর জন্য আমাদের অনেক কিছুই করতে হবে। আর তাই আমাদের শক্তি ও মেধা ব্যবহার করে সমাজের জন্য ইতিবাচক ও গঠনমূলক কাজগুলো করতে হবে। আর নবীনদের জন্য বোঝাপড়া দরকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বোমা হামলার প্রেক্ষিতে লন্ডনের মুসলমানদের অবস্থান কি – এ সম্পর্কে জানতে চাওয়া হলে নেতার বলেন, আমরা আবারও বলছি, নিরপরাধ ও নিরস্ত্র মানুষের প্রাণ কেড়ে নেয়া কোন যুক্তি দিয়েই সমর্থনযোগ্য করা যায় না। তাদের বক্তব্য, পবিত্র কোরআনে পরিস্কার বলে দেয়া আছে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে, পুরো মানব জাতিকে হত্যা করা। আর একজন মানুষকে রক্ষা করা, মানে পুরো মানব জাতিকে রক্ষা করা।
তারা আরও বলেন, যারা লন্ডনে বোমা হামলা চালিয়েছে, তারা কোনভাবেই শহীদের মর্যাদা পাবে না।
