গাজায় ইসরাইলের মিসাইল হামলা
ইসরাইল শুক্রবার ভোরে গাজা উপত্যকায় মিসাইল হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইসরাইলে ফিলিস্তিনি গেরিলাদের রকেট ও মর্টার হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইল এ হামলা চালায়।
তবে ইসরাইলি রকেট হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিন সূত্র জানায়, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় একটি, দার আল বালাহ এলাকায় দু’টি এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে একটি মিসাইল হামলা চালানো হয়।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা হামাসের অস্ত্র ভা-ার খান ইউনুসে হামলা চালিয়েছে।
প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারণের একজন মুখপাত্র বলেন, ইসরাইলের নিজের নিরাপত্তা বিধানের জন্য শক্তি প্রয়োগের অধিকার রয়েছে। গাজা থেকে রকেট হামলা বন্ধের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার রাতে ফিলিস্তিন জঙ্গিদের হামলার পরই গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের সাথে সংযোগ সড়ক বন্ধ করে দেয় ইসরাইল। জঙ্গিদের ছোড়া চারটি রকেটই ইহুদি বসতিতে আঘাত হানে। এতে একজন ইসরাইলি মহিলা নিহত হন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
শ্যারণের মুখপাত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, সন্ত্রাসী হামলা বন্ধের জন্য ফিলিস্তিন সরকার কোন কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
বৃহস্পতিবার ফিলিস্তিনের একটি শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা বাহিনীর সাথে হামাসের সামরিক গ্রুপ ইজেদিন আল কাসেম-এর সংঘর্ষে ২০ জন আহত হয়।
ইসরাইলের মিসাইল হামলায় কতজন ফিলিস্তিন নিরাপত্তা সদস্য ও হামাস গ্রুপের সদস্য হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রী মেজর জেনারেল নাসের ইউসুফ নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে।
