২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের কয়েকটি শহর থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা হবে

ইরাকের নিরাপত্তা বাহিনীর হাতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব অর্পণ করে নির্দিষ্ট কয়েকটি শহর থেকে পর্যায়ক্রমে মার্কিন ও অন্যান্য দেশের সেনাবাহিনী  প্রত্যাহার করে নেওয়া হবে বলে বুধবার ইরাকের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। তবে কবে নাগাদ বহুজাতিক বাহিনী সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হবে সে ব্যাপারে কোন নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 03:05 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বুধবার যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি রবার্ট জোলিক জর্দান থেকে ইরাকে পৌঁছেন। ইরাক কর্মকর্তাদের সাথে চারটি অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফারি সংবাদ সম্মেলনে যখন বিদেশি সেনা প্রত্যাহারের কথা জানান তখন জোলিক তার পাশে ছিলেন।

আল জাফারি বলেন, আমরা যখন জঙ্গি হামলা থেকে দেশকে রক্ষার জন্য লড়াই করে যাচ্ছি এবং পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে পারিনি এমতাবস্থায় বিদেশি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তবে ১৮ টি প্রদেশে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হচ্ছে এবং ইরাকি বাহিনী কর্তৃত্ব স্থাপন করছে।

কোন কোন শহর থেকে সেনা প্রত্যাহার করা হবে এ ব্যাপারে মুখ খুলেননি আল জাফারি। তবে জঙ্গি হামলা কিছুটা কমে আসায় বাগদাদের সান্ধ্য আইন বুধবার থেকে এক ঘণ্টা শিথিল করা হয়েছে।

রবার্ট জোলিক বলেন, ইরাকের নতুন সরকারকে সহায়তা করতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ। বহুজাতিক বাহিনী প্রত্যাহারের সময়সীমার বিষয়টি ইরাকি নিরাপত্তা বাহিনী কর্তৃক জঙ্গি দমনের সাফল্যের ওপর নির্ভর করছে।