আফগানিস্তানে ৬ পুলিশের শিরোচ্ছেদ করেছে তালেবানরা
আফগানিস্তানে সন্দেহভাজন তালেবান গেরিলারা অতর্কিত হামলা চালিয়ে ছয় আফগান পুলিশকে আটক করার পর তাদের শিরচ্ছেদ করেছে।
হেলমান্দের দক্ষিণাঞ্চলে ৩০ জন পুলিশের একটি দল তালেবানদের হামলার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষে বন্দুকযুদ্ধে আরও চার পুলিশ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। ছয়জন পুলিশকে তালেবানরা ধরে নিয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাদের একটি রাস্তার পাশে শিরোচ্ছেদ করা অবস্থায় পাওয়া যায়।
তালেবানরা আফগানিস্তান থেকে ২০০১ সালে উৎখাত হলেও সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে তাদের হামলা জোরদার করেছে।
হেলমান্দ প্রদেশের গভর্নর জানান, তালেবান হামলাকারীরা পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করে এবং হামলার পর আবার পাকিস্তানে ফিরে যায়।
আফগানিস্তানে সুসজ্জিত মার্কিন সেনা ছাড়াও প্রায়ই আফগান পুলিশ ও সেনা সদস্যরা এই ধরনের চোরাগোপ্তা হামলার শিকার হয়ে থাকেন।
