লাদেন আফগানিস্তানে নেই : কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আল-কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানে নেই। রাজধানী কাবুলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তবে ওসামা বিন লাদেন কোথায় লুকিয়ে থাকতে পারে সে সম্পর্কে হামিদ কারজাই কোনও মন্তব্য করেননি।
সংবাদ সম্মেলনে হামিদ কারজাই বলেন, ‘ওসামা বিন লাদেন কোথায় রয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। আমরা জানি না, সে কোথায় রয়েছে তবে আফগানিস্তানে সে নেই।’
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব খান শেরপাও কয়েকদিন আগে বলেছিলেন, ওসামা বিন লাদেন পাকিস্তানে নেই এবং সম্ভবত আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনও এক জায়গায় লুকিয়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রের ধারণা ওসামা বিন লাদেন পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের পার্বত্য এলাকায় আত্মগোপণ করে আছে।
