যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিস্থ’ল পরিদর্শনে জাপান সম্রাট
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের সমাধিস্থল পরিদর্শন করতে জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো সোমবার দু’ দিনের সফরে আমেরিকার ছোট্ট দ্বীপ সাইপানে গেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৩০ হাজারেরও বেশি জাপানী সৈন্যসহ হাজার হাজার মার্কিন ও সাইপান দ্বীপবাসীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এই রাজকীয় দম্পতি। এ দ্বীপের যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আগ্রাসনের ইতি ঘটে।
সম্রাট আকিহিতো সাইপানের ‘বানজাই ক্লিফ’ও পরিদর্শন করবেন। জানা যায়, এখানে মার্কিন বাহিনীর হাতে জাপানী সৈন্যরা ধরা পড়লেও তারা নতজানু না হয়ে ‘বানজাই’ বা প্রয়াত সম্রাট হিরোহিতো’র দীর্ঘ জীবন কামনা করে জয়গান গায় এবং বীরের মতো মৃত্যুকে বরণ করে নেয়।
কেবল জাপানী সৈন্যদের সমাধিস্থলই নয়, সম্রাট ও সম্রাজ্ঞী মার্কিন সৈন্য ও স্থানীয় দ্বীপবাসীদের সমাধিস্থলও পরিদর্শন করবেন। তবে কোরীয় সৈন্যদের সমাধিস্থল পরিদর্শন সূচীতে না থাকায় এ সফরের বিরোধিতা করেছে সেখানে বসবাসরত সংখ্যালঘু কোরিয়ানরা।
এ যুদ্ধে প্রায় ৩০ হাজার, অনেকের ধরণায় আরও বেশি জাপানী সৈন্য, ৫ হাজারের বেশি মার্কিন সৈন্য এবং ১ হাজার সাইপান দ্বীপবাসী নিহত হয়।
প্রতি বছর এখানে প্রায় ৫ লাখ পর্যটকের আগমন ঘটে যার ৭৫ শতাংশই জাপানী পর্যটক।
