ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা স্বীকার করেছে : জাতিসংঘ
ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে স্বীকার করেছে যে, গত কয়েক বছর ধরে তারা সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য সীমিত আকারের প্লুটোনিয়াম নিয়ে কাজ করছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বুধবার একথা বলা হয়েছে।
আনবিক শক্তি সংস্থার এক সভায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান অত্যন্ত স্পর্শকাতর প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে তা ব্যবহার করতে পারে।
আনবিক শক্তি সংস্থার ‘অত্যন্ত গোপনীয়’ প্রতিবেদনটি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক দলের কাছে হস্তান্তর করা হয়েছে। তিন পৃষ্ঠার প্রতিবেদনে ইরানের বর্তমান পারমাণবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হয়েছে।
প্রতিবেদনে প্রস্তাব করা হয়, ইরানে পারমাণবিক পরিদর্শন কাজ এখনও বাকি রয়েছে। ইরান ও পারমাণবিক কালো বাজার মধ্যস্থতাকারীদের মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সরবরাহ চুক্তিটি অবশ্যই সংস্থাকে গুরুত্বের সাথে নিতে হবে।
২০০৩ সালের ডিসেম্বরে সংশোধিত পারমাণবিক কর্মসূচির আওতায় আনবিক শক্তি সংস্থা প্রথমবারের মত স্বীকার করলো যে ইরান সীমিত আকারের প্লুটোনিয়াম উৎপাদন করছে।
