সাদ্দামের জিজ্ঞাসাবাদ : প্রথমবারের মত তার আইনজীবীরা হাজির থাকতে পারবেন
ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচারের জন্য গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল আদালত প্রথমবারের মত তার একজন আইনজীবীকে জিজ্ঞাসাবাদকালে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে। শুক্রবার সাদ্দাম হোসেনের প্রধান আইনজীবী একথা বলেন।
জর্দানে সাদ্দামের আইনজীবী জিয়াদ আল-খাসাওনিহ বলেন, ইরাকে সাদ্দাম হোসেনের আইনজীবী খলিল আল-দুলেইমি বাগদাদে কারাবন্দি সাদ্দামের সাথে দেখা করেছেন এবং ট্রাইব্যুনাল আদালত আল-দুলেইমিকে সাদ্দাম হোসেনের জিজ্ঞাসাবাদকালে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে।
এর আগে সাদ্দামের আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে, তাদের অনুপস্থিতিতে তাদের মক্কেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আল-খাসাওনিহ বলেন, আল-দুলেইমি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদকালে তাদের অবহিত না করায় স্পেশাল ট্রাইব্যুনালের সমালোচনা করেন।
সাদ্দামের পক্ষে আইনী লড়াই চালিয়ে যেতে দেড় হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও ২২জন শীর্ষ আইনজীবী রয়েছেন। আইনজীবীদের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জর্দান ও লিবিয়ার।
