ইরাকী পার্লামেন্ট ডি-বাথিফিকেশন কমিশন ভেঙ্গে দিয়েছে
ইরাকের পার্লামেন্ট ডি-বাথিফিকেশন কমিশন ভেঙ্গে দিয়েছে এবং ইরাকী আইন প্রণেতাদের নিয়ে নতুন একটি কমিশন গঠন করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের গঠন করা ডি-বাথিফিকেশন কমিশন ইরাকের সরকারি প্রতিষ্ঠানসমূহ থেকে বাথ পার্টির সিনিয়র সদস্যদের অপসারণ করে। কমিশনের নির্বাহী পরিচালক রোববার একথা জানান।
আলী আল লামি বলেন, নতুন কমিশন একই নামে থাকছে এবং এটি আগের কমিশনের মতোই ভূমিকা পালন করবে।
যুক্তরাষ্ট্রের গঠন করা কমিটি সাদ্দাম হোসেনের বাথ পার্টির ৩৫ হাজার সদস্যকে সরকারি চাকরি থেকে অপসারণ করে।
নতুন কমিশনের কাজ রোববার থেকেই শুরু হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পুরনো এবং নতুন কমিশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই যে, নতুন কমিশনের জন্য সদস্য বাছাই করেছে ইরাকের নতুন পার্লামেন্ট, মার্কিন কর্তৃপক্ষ নয়। ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন কর্তৃপক্ষ ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে।
সুপ্রিম ন্যাশনাল কমিশন ফর ডি-বাথিফিকেশন হচ্ছে পার্লামেন্টের ২৭টি জাতীয় কমিটির অন্যতম।
২০০৩ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরাকের বাথ পার্টি নিষিদ্ধ করে। এর এক মাস আগে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা হয়।
ডি-বাথিফিকেশন প্রক্রিয়ায় টার্গেট করা হয় বাথ পার্টির ৬৫ হাজার সদস্যকে, যারা উচ্চ পর্যায়ের। এদের মধ্যে প্রায় ৩৫ হাজার কর্মী ওই প্রক্রিয়া কার্যকর হবার আট মাসের মাথায় চাকরি হারায়। অবশ্য আপীল করার মাধ্যমে ১৬ হাজার সদস্য চাকরি ফিরে পায়।
তবে ইরাকে বিদ্রোহীদের হামলা বৃদ্ধির প্রেক্ষিতে ওয়াশিংটন কঠোর অবস্থান থেকে সরে এসেছে। নতুন নিরাপত্তা বাহিনীতে যুক্ত করার জন্য এখন সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
