২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফগানিস্তানে তালেবানদের হামলা অব্যাহত আছে’

মার্কিন সেনা কমান্ডাররা বলেছেন, তিন বছর আগে তালেবান শাসনের পতনের পরও আফগানিস্তানে তালেবান সশস্ত্র যোদ্ধারা হামলা করার মত সাংগঠনিক ক্ষমতা রাখে। কিন্তু মার্কিন সেনারা তালেবান যোদ্ধাদের প্রভাবকে খাটো করে দেখছে এবং তারা আফগানিস্তানের স্থিতিশীলতার ব্যাপারে বেশি মনোযোগী। ইরাকের মত আফগানিস্তানে উল্লেখযোগ্যহারে মার্কিন সেনা হামলায় নিহত হওয়ার পর মার্কিন সেনাকমান্ডাররা এ মূল্যায়ন করলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ইরাকের তুলনায় আফগানিস্তানে আটভাগ বেশি সেনা নিহত হয়েছে এবং এখনও আফগানিস্তান মার্কিন সেনাদের জন্য বিপজ্জনক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

শীতের পর বর্তমানে আফগানিস্তানে মার্কিন সেনা অভিযান আরও জোরদার করা হয়েছে। অবশ্য মার্কিন কমান্ডাররা বলছেন, তারা আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে আফগান সেনা সংখ্যা বৃদ্ধি, সীমান্তে প্রহরা জোরদার এবং পুলিশের সংখ্যা বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য।

জয়েন্ট টাস্ক ফোর্স-৭৬-এর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল চ্যাম্পিয়ন শুক্রবার আফগানিস্তানের বাগরাম বিমানবন্দর থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি বলেন,“ আমরা শুধু বসন্তকালে অভিযান পরিচালনা করব এটা ঠিক নয়। এর বদলে আমরা মার্কিন সেনা ও আফগান বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে যাব।”

আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের হামলা অবশ্য অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তালেবান যোদ্ধাদের হামলায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে মাদক বিরোধী প্রকল্পে কর্মরত ছয় আফগান নাগরিক নিহত হয়েছে। এছাড়া একজন স্বেচ্ছাসেবক গ্রুপের সদস্য ইতালিয়ান নাগরিক অপহৃত হয়েছে। কাবুলে বর্তমানে ১৬ হাজার ৭শ’ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ২২টি দেশের সমন্বয়ে আরও অতিরিক্ত ১৬ শ’ সেনা মোতায়েন রয়েছে।

এছাড়া ন্যাটো আফগানিস্তানে বিভিন্ন দেশের ৮ হাজার সেনার নেতৃত্ব দিচ্ছে। পেন্টাগনের দেয়া তথ্য মতে, গত মার্চে আফগানিস্তানে তালেবান হামলায় ২৭ মার্কিন সেনা নিহত হয়েছে।

এদিকে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, কৌশলগত অংশীদার হিসেবে তিনি প্রেসিডেন্ট বুশের কাছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক, অর্থনীতি ও সামরিক সহায়তা চাইবেন। তিনি এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

তিনি বুশের কাছে আফগানিস্তানে বন্দি নির্যাতন এবং গুয়ান্তানামো বন্দিশিবিরে কোরআন অবমাননা নিয়েও আলাপ আলোচনা করবেন।

বুশ আফগানিস্তানে সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি। মূলত তালেবান তাড়াতেই সহায়তা দরকার। কিন্তু পরিস্থিতি কি? মার্কিন সামরিক কমান্ডার বলছেন, আফগানিস্তানে ঠিক কতজন তালেবান যোদ্ধা এখনও সক্রিয় রয়েছে তার সঠিক পরিসংখ্যান তাদের কাছে নেই।

মার্কিন সেনা কমান্ডার চ্যাম্পিয়ন বলেন, জঙ্গিদের মধ্যে তালেবান ছাড়াও অন্যান্য জঙ্গি সংগঠনের যোদ্ধারা রয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও মুজাহেদিন নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের জঙ্গিরাও রয়েছে। যারা পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে পাকিস্তান সীমান্তে তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে।