পাকিস্তানের ক্ষমতার মসনদ থেকে সরবেন না মোশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ২০০৭ সালে তার কার্যকাল শেষ হয়ে যাওয়ার পরও ক্ষমতায় থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন। তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানী জনগণ তার নেতৃত্ব চায়। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
তথ্য মন্ত্রী শেখ রশিদ বলেন, “প্রেসিডেন্ট মোশাররফের ২০০৭ সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তিনি যে আবার প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হবেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। পাকিস্তানে তার নেতৃত্বের প্রয়োজন রয়েছে। ইনশাল্লাহ, তিনি জয়ী হবেন। ”
জেনারেল মোশাররফ ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত নওয়াজ শরিফ সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন। দুই বছর পর তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট বলে ঘোষণা দেন। বহুল সমালোচিত ও বিতর্কিত গণভোটের মাধ্যমে তিনি ২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার বৈধতা অর্জন করেন। নির্বাচনে ব্যাপক কারচুপি এবং জালভোটের অভিযোগ উঠে।
সংবিধান অনুযায়ী ২০০৭ সালে পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর পার্লামেন্ট এবং ৪টি প্রাদেশিক এসেম্বলির সদস্যদের সরাসরি ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বর্তমানে প্রেসিডেন্ট মোশাররফকে সর্মথনকারী পাকিস্তান মুসলিম লীগ পার্লামেন্ট এবং ৩টি প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে।
মোশাররফ সামরিক কায়দায় ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধান দুটি রাজনৈতিক দল মুসলিম লীগ (নেওয়াজ) এবং
পাকিস্তান পিপলস পার্টির উপর স্টিম রোলার চালান। বেনজির ভুট্টো এবং নেওয়াজ শরিফ এখন বিদেশে নির্বাসিত জীবনযাপন করছেন। এই দুটি দলসহ ইসলামিক দলগুলি মোশাররফের ক্ষমতা গ্রহণের বিরোধিতা করে আসছে।
মোশাররফ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পরম মিত্র এবং শক্তিশালী সহযোগী শক্তি হিসেবে কাজ করছেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির প্রিয়ভাজন এবং আশীর্বাদ পুষ্ট হয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন তিনি। ফলে আগামীতে মোশাররফের আবারও প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উজ্জল।
