তাইওয়ানে চীনের সংবাদিকরা নিষিদ্ধ
তাইওয়ান সরকার সেদেশে চীনের সরকারি বার্তা সংস্থা জিনহুয়া ও পিপলস ডেইলীর সাংবাদিকদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সরকার অভিযোগ করেছে যে, এসব সাংবাদিক চীন ও তাইওয়ান সম্পর্ককে অস্থিতিশীল করে তুলছে।
তারা বলছে, গত মাসে চীন তাইওয়ানের স্বাধীনতা বিরোধী যে আইন পাস করেছে, সে ব্যাপারে তাইওয়ানের আপত্তির বিষয়টি বার্তা সংস্থা জিনহুয়া ও পিপলস ডেইলি অবজ্ঞা করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ওই আইনে বলা হয়েছে, তাইওয়ান যদি স্বাধীনতা চায়, তাহলে কর্তৃপক্ষ বল প্রয়োগে বাধ্য হবে। তাইওয়ানের সরকারি বার্তা সংস্থার সাংবাদিকরা গত ২০০১ সাল থেকে তাইওয়ানে অবস্থান করছে।
তাইওয়ানের মেইনল্যান্ড এ্যাফেয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান জোসেফ উই বলেন,“আমরা দেখতে পাচ্ছি যে, রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এবং পিপলস ডেইলী পত্রিকার সাংবাদিকরা দুদেশের সম্পর্কোন্নয়নে অবদান রাখছে না।”
তিনি আরও বলেন,“ রাষ্ট্রচালিত সংবাদ সংস্থাটি চীনের জনগণকে তাইওয়ানের খবরাখবর থেকে বঞ্চিত করছে। তেমনি এই সংস্থা চীনের জনগণকে তাইওয়ানের সংবাদ থেকে বঞ্চিত করছে।
কিন্তু তাইওয়ানের প্রধান দুটি বিরোধী দল কুমিনটাং এবং পিপল ফার্স্ট পার্টি বলেছে, তাইওয়ানে চীনের সাংবাদিকদের নিষিদ্ধ করায় দুদেশের সম্পকের্র আরো অবনতি ঘটতে পারে। অপরদিকে প্রতিষ্ঠান দুটি বলছে, তাইওয়ানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঠাট্টার শামিল।
মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল বলছে, দুটি প্রতিষ্ঠানের সংবাদ পরিবেশনা কৌশল পরিবর্তন করা উচিত। আর এজন্যই তাইওয়ান সরকার অস্থায়ী ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।
চীন গত ১৪ মার্চ তাইওয়ানের স্বাধীনতা বিরোধী আইন পাস করার পর তাইওয়ানের জনগণ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এ অবস্থায় তাইওয়ান বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে চীনের সাথে সম্পর্ক বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে।
