২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পরবর্তী ইরাকের রাজনৈতিক বিরোধ: বুশ হতাশ নন!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ স্বীকার করেছেন যে, ইরাকিরা দেশের ভবিষ্যত নির্ধারণে বিভক্ত হয়ে পড়েছে। তবে, তিনি বলেন, শক্তি কিংবা ভয়ভীতি প্রদর্শনের বদলে আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ ঘটানো সম্ভব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:30 PM

মঙ্গলবার রোজ গার্ডেনে ইরাকের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজন, আইন অধ্যয়নরত কিছু ইরাকি ছাত্র এবং অন্যান্য শ্রেনী-পেশার  ইরাকি লোকদের এক সমাবেশে প্রেসিডেন্ট বুশ একথা বলেন।  খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তিনি বলেন, “ইরাকের স্বাধীন লোকজন এখন যা করতে পারছে সাদ্দাম সরকারের আমলে তা তারা করতে পারত না। সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য ইরাক এখন একটি ইতিবাচক উদাহরন।” 

এদিকে ইরাকের নবনির্বাচিত পার্লামেন্ট মঙ্গলবার স্পিকার মনোনয়ন নিয়ে কোনও সমঝোতায় পৌঁছতে পারেনি। অধিবেশন ছিল বেশ গোলযোগপূর্ণ। গত ৩০ জানুয়ারির নির্বাচনের পর ন্যাশনাল এ্যাসেম্বলির স্পিকার নির্বাচন নিয়ে ইরাকের শিয়া, সুন্নি এবং কুর্দিরা বিভক্ত হয়ে পড়েছে।

বুশ বলেন, মঙ্গলবারের অধিবেশন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। ইরাকে যে সরকারই গঠিত হোক মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে কাজ করতে আগ্রহী।

প্রেসিডেন্ট বুশ বলেন, আমরা মনে করি ইরাকের নতুন নেতৃত্ব ইরাকের সকল মতের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক তাই চান। ন্যাশনাল এ্যাসেম্বলিতে ইরাকের ভবিষ্যত নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। গণতান্ত্রিক ইরাকে মতপার্থক্য নিরসনের জন্য শক্তি কিংবা ভয়ভীতি নয় বরং আলাপ-আলোচনা-সমঝোতার পথকেই বেছে নিতে হবে।”

বুশ বলেন, ইরাকের নিরাপত্তা বাহিনী গেরিলা এবং সন্ত্রাসীদের প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখছে।

তিনি বলেন, ১ লাখ ৪৫ হাজার ইরাকিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তারা সাহসের সাথে শত্র“দের মোকাবেলা করছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক বাগদাদ, মসুল এবং সামারা অভিযান সফল হয়েছে।

বুশ বলেন, “ইরাকি নিরাপত্তা বাহিনী যাতে ইরাকের নিরাপত্তার সম্পূর্ণ  দায়িত্ব নিতে পারে সেজন্য আমরা তাদের প্রশিক্ষিত করে তোলার কাজ অব্যাহত রাখবো। ইরাকি নিরাপত্তা বাহিনী স্বয়ংসম্পূর্ণ হলেই কেবল আমাদের সেনারা দেশে ফিরবে।”