আরও সিরীয় সৈন্যের লেবানন ত্যাগ
গত কয়েক দিনে আরও দুই হাজার সিরীয় সেনা লেবানন ত্যাগ করেছে । লেবাননের সামরিক কর্মকর্তারা একথা জানায়। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
বর্তমানে লেবাননে আট হাজার সিরীয় সৈন্য মোতায়েন রয়েছে। ১৯৯০ সালে গৃহযুদ্ধ অবসানের পর লেবাননে মোতায়েনকৃত এটিই হচ্ছে সর্বনিু সংখ্যক সিরীয় সৈন্য। সে সময় লেবাননে ১৪ হাজার সিরীয় সেনা ছিল।
গত ১৫ বছরের গৃহযুদ্ধকালে লেবাননে যেসব সিরীয় সেনা পাঠানো হয়েছিল, তাদেরকে এ সপ্তাহের মধ্যে লেবানন থেকে প্রত্যাহার করে নেয়া হবে বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় পর্যাযে সেনা প্রত্যাহারের ব্যাপারে মতৈক্যের জন্য আগামী সপ্তাহে লেবানন এবং সিরিয়ার সামরিক কমিশনের যৌথ বৈঠক হবে।
লেবানন সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘের কর্মকর্তাদের সাথে দেখা করার জন্য ইতোমধ্যেই নিউইয়র্ক গেছেন। লেবাননের উক্ত কর্মকর্তা নিরাপত্তা পরিষদের বৈঠকেও যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার কারণ অনুসন্ধানের জন্য নিরাপত্তা পরিষদ একটি তদন্ত কমিশন গঠন করবে বলে আশা করা হচ্ছে।
তার মৃত্যুর পর লেবাননের রাস্তায় রাস্তায় জনগণ বিক্ষোভ প্রদর্শন করে। জনগণের তীব্র বিক্ষোভ এবং প্রতিবাদের মুখে লেবানন সরকারের পতন ঘটে।
সাবেক প্রধানমন্ত্রীর হত্যার ব্যাপারে সিরিয়ার যোগসাজস রয়েছে বলে অনেক লেবাননী সিরিয়াকে দোষারোপ করেছে। কিন্তু দামেস্ক এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে।
