২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্রের ওপর রাজকীয় নিয়ন্ত্রণ শিথিলের দাবিতে নেপালের সাংবাদিক ফেডারেশনের দেশব্যাপী মত-বিনিময় কর্মসূচি

নেপাল সরকার প্রচার মাধ্যমগুলোর ওপর যে বিধিনিষেধ জারি করেছে, তা শিথিল করার জন্য নেপালের সাংবাদিক ফেডারেশন (এফএনজে) রোববার দেশব্যাপী মত-বিনিময় কর্মসূচির আয়োজন করে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

কাঠমান্ডুতে আয়োজিত এক মত-বিনিময় সভায় এফএনজে নেতৃবৃন্দ সংবাদপত্রের ওপর আরোপিত সেন্সরশিপ দ্রুত প্রত্যাহার, গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দান এবং এফএম ব্যান্ডে খবর সম্প্রচারে অনুমোদন দিতে সরকারের কাছে দাবি জানান।

কাঠমান্ডুর সে সভায় নেপাল সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লহ্মন আরিয়েল বলেন, ”গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সংবাদপত্রের স্বাধীনতা অতীব গুরুত্বপূর্ণ। বস্তুত সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার একই সূত্রে গাঁথা।”

নেপালের সাংবাদিক ফেডারেশনের সভাপতি তারা নাথ দাহাল বলেন, নেপালে জরুরি শাসন জারি করার পরই সাংবাদিকদের ওপর নিপীড়ন-নির্যাতন বেড়ে গেছে। একটি নেপালি ওয়েবসাইট এ খবর দিয়েছে।

অপরদিকে বাগলুঙ্গে অনুষ্ঠিত মত-বিনিময় সভা থেকে ফেডারেশনের জেলা চেয়ারম্যান রাজেশ চন্দ্র রাজভান্ডারী এবং জেলা সম্পাদক হরি নারায়ন গৌতমকে পুলিশ গ্রেফতার করে। অবশ্য গ্রেফতার হওয়ার তিন ঘন্টা পর তাদেরকে মুক্তি দেয়া হয় বলে এফএনজে জানায়।

ফেডারেশন জানায়, সারা নেপাল জুড়েই এ মত-বিনিময় কর্মসূচি পালিত হয়েছে।