২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি পরিত্যাগ করলে ইরানকে অর্থনৈতিক সুবিধা দেয়া হবে: রাইস

ইরান যদি পরমাণু কর্মসূচি পরিত্যাগ করে তাহলে যুক্তরাষ্ট্র তাকে অর্থনৈতিক সুবিধা দিতে কসুর করবে না। ইরানের ব্যাপারে মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিতবাহী এ অভিমত ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস। অপরদিকে ইরান বলেছে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব তেমন কোনও গুরুত্ব বহন করে না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

রাইস বলেন, “স্পষ্ট করেই বলতে চাই যে, ইরানের বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রবেশে আমাদের কোনও আপত্তি থাকবে

না । ইরানের বাণিজ্যিক বিমান বহরের জন্য খুচরা যন্ত্রপাতি ক্রয়ে যে লাইসেন্সের প্রয়োজন তার ব্যাপারেও আমাদের আপত্তি উঠিয়ে নেব।”

কন্ডোলিজা রাইস ইরানের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, “ ইরান যদি আলাপ-আলোচনা সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে সম্মত হয় তাহলে প্রেসিডেন্ট বুশ ইরানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পদক্ষেপ নেবেন।”

ওয়াশিংটন বলছে, ইরান পারমাণবিক মারণাস্ত্র তেরির চেষ্টা করছে । কিন্তু ইরান পারমাণবিক মারণাস্ত্র তৈরির অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে।

ইরানে অর্থনৈতিক সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের আগের ঘোষণার বিপরীত। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগেই ইরানকে শয়তানের অক্ষভুক্ত দেশ বলে চিহ্নিত করেছে।

ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সহযোগী দেশগুলোকে জানিয়েছে যে, ইরান যদি পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে তবে তারা বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে।

ইতোপূর্বে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী এই তিন দেশ ইরানের পারমাণবিক কর্মসূচির ইস্যুটি নিরাপত্তা পরিষদে তোলার ব্যাপারে শিথিল ভাব দেখিয়েছিল।

রাইস আরও বলেন, “আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে ইউরোপীয় সরকারসমূহের ইচ্ছারই পুনরাবৃত্তি করছি, কূটনৈতিক প্রচেষ্টাকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক অবরোপ আরোপের প্রসঙ্গে তিনি বলেন এ ধরনের পদক্ষেপ এখনই গ্রহণ করলে তা সময়োচিত হবে না।”