তুর্কমেনি প্রেসিডেন্টের তুঘলকি কান্ড: সকল হাসপাতাল বন্ধ
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নিয়াজভ রাজধানী আসখাবাদের বাইরে সকল হাসপাতাল বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সরকারের একজন মুখপাত্র প্রেসিডেন্টের সংস্কারমূলক স্বাস্থ্যনীতির আওতায় এ ঘোষণা দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইতোমধ্যেই রাজধানীর বাইরের হাসপাতালগুলোর হাজার হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
নাগরিক অধিকার কর্মীদের অভিযোগ: প্রেসিডেন্ট তাঁর শাসনামলে বড় ধরনের প্রকল্প হাতে নিলেও জনস্বার্থকে বিসর্জন দিয়েছেন। প্রেসিডেন্ট নিয়াজভ সোমবার স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমাদের এ ধরনের হাসপাতালের কি প্রয়োজন ? মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তারারাজধানী আসখাবাদে আসবে।”
গত বছর প্রেসিডেন্ট নিয়াজভ ১৫ হাজার ডাক্তার ও হাসপাতাল কর্মচারীকে চাকরিচ্যুত করার পর খুব কম সংখ্যক ডাক্তার ও কর্মচারি স্থানীয় হাসপাতালগুলোতে কর্মরত ছিল।
এ ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের হতবাক হওয়া ছাড়া অন্য উপায় নেই। প্রেসিডেন্ট নিয়াজভ তার তুঘলকি স্বভাবের কারনে বেশ আলোচিত। কিন্তু কোনও সরকার প্রধানের এমন ঘোষণা এটাই প্রথম।
প্রেসিডেন্ট হাসপাতালগুলো বন্ধের পাশাপাশি স্থানীয় লাইব্রেরীগুলোকেও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কারণ হিসেবে প্রেসিডেন্ট উল্লেখ করেন, স্থানীয় ওই লাইব্রেরীগুলোতে লোকজন পড়তে যায় না।
সমালোচকরা তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের এ ঘোষণাকে মানতে নারাজ। তুর্কমেনিস্তানের প্রবাসী নাগরিকরা বলছেন, জনগণের টাকায় কোটি কোটি টাকার প্রকল্প গ্রহণ করার পরও প্রেসিডেন্ট সামাজিক সেবাখাতকে ধ্বংস করতে চাচ্ছেন। তিনি এখন সেবাখাতকে উপেক্ষা করে নিজের স্বর্ণমুর্তি ও মার্বেল পাথরের মসজিদ নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন।
