বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে চূড়ান্ত দিনের আলোচনা শুরু
হংকংয়ে অনুষ্ঠানরত বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে ১৫০টি দেশের বাণিজ্য আলোচকরা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে নতুন একটি চুক্তিতে পৌঁছতে চূড়ান্ত দিনের আলোচনা শুরু করেছেন।
উন্নত দেশগুলো চায় স্বল্পোন্নত দেশগুলোর বাজারে প্রবেশ করতে। অপরদিকে দরিদ্র দেশগুলো চায় ধনী দেশগুলো তাদের উৎপাদিত পণ্যের ক্ষেত্রে দেয়া ভর্তুকি প্রত্যাহার করুক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এর আগে বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে আলোচকরা একটি খসড়া চুক্তিতে উপনীত হলেও সবগুলো দেশের এ চুক্তি অনুমোদনের সম্ভাবনা ক্ষীণ।
হংকংয়ে গত শনিবার পুলিশ এবং বিশ্বায়ন বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ৭০ জন আহত হয়।
ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোকে অব্যাহতভাবে শোষণ করায় এর প্রতিবাদে প্রায় এক হাজার বিক্ষোভকারী সেখানে সমাবেশ করে।
পাঁচদিনব্যাপী আলোচনার পর ক্লান্ত বাণিজ্য আলোচকরা কোন মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হওয়ায় চূড়ান্ত দিনে সমঝোতায় পৌঁছার বিষয়টি খুবই ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে।
