সন্দেহভাজনদের সাথে দেখা করতে রেডক্রসকে প্রবেশাধিকার দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মত স্বীকার করেছে, তাদের নিয়ন্ত্রণাধীন কারাগারে আটককৃত সকল বন্দিকে পরিদর্শন করার অনুমতি আন্তর্জাতিক কমিটি অব দ্য রেডক্রসকে (আইসিআরসি) দেয়া হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ আইন বিষয়ক উপদেষ্টা জন বেলিংগার রেডক্রসকে বাধা প্রদানের বিষয়টি স্বীকার করেন। তবে এ ধরনের সন্দেহভাজনদের কোথায় আটকে রাখা হয়েছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কোন কিছু জানাননি।
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানকালে মি. বেলিংগার স্বীকারোক্তিটি দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দেশের বাইরে যে গোপন বন্দিশিবির পরিচালনা করছে, মার্কিন কর্মকর্তারা এ স্বীকারোক্তির ফলে সে অভিযোগ আরও দৃঢ় হবে।
তিনি বলেন, কিউবার গুয়ানতানামো বে বন্দিশিবিরে আটককৃত সকল বন্দিকে পরিদর্শন করার সর্বোচ্চ অনুমতি আইসিআরসি’কে দেয়া হয়েছিল।
তবে ওই একই অবস্থায় অন্যত্র আটককৃত সব বন্দিকে পরিদর্শন করতে রেডক্রসকে অনুমতি দেয়া হয়েছিল কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মি. বেলিংগার না সূচক জবাব দেন। এ বিষয়ে তিনি বিস্তারিত কোন কিছু জানাতে অস্বীকৃতি জানান।
বন্দিদের সাক্ষাতের জন্য অনুমতি প্রদানের বিষয়ে ওয়াশিংটন সবসময় সতর্কতা অবলম্বন করে আসছে। এর আগে তারা বলেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আওতাধীন কারাগারে আটককৃত সকল বন্দিকে পরিদর্শন করার প্রবেশাধিকার আইসিআরসি’র রয়েছে।
অজ্ঞাতস্থানে আটককৃত সন্দেহভাজন সকল বিদেশী সন্ত্রাসীদের সাথে সাক্ষাৎ করতে আইসিআরসি আগ্রহী।
এ সম্পর্কে আইসিআরসি মুখপাত্র ফ্লোরিয়ান ওয়েস্টফাল বৃহস্পতিবার বলেন, প্রশ্নটি নিয়ে সংলাপ অব্যাহত রয়েছে।আমরা তাদের সম্পর্কে তথ্য জানতে চাই এবং তাদের সাথে কথা বলতে চাই।
