মার্কিন যুক্তরাষ্ট্রে আরও হামলার ঝুঁকি রয়েছে: সাবেক ৯/১১ কমিটি
মার্কিন যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর ৯/১১ কমিশনের একজন সাবেক সদস্য বলেছেন, মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউজ নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় দেশটিতে আরও বেশি সন্ত্রাসী হামলার ব্যাপক ঝুঁকি রয়েছে।
টমাস কিন রোববার বলেন, এ বিষয়টি (নিরাপত্তা) এখন সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে না।
নিউজার্সির সাবেক রিপাবলিকান গভর্নর কিন বলেন, ৯/১১ এর চার বছর পরেও জনগণ এদিকে মনোযোগ দিচ্ছে না।
৯/১১ এর প্যানেলের সুপারিশ কিভাবে অনুসরণ করা হয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন সোমবার প্রকাশের আগে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আরও একটি হামলা হলে সৃষ্টিকর্তাই আমাদের রক্ষা করবেন।
কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান ও ডেমোক্র্যাট লি হ্যামিল্টন বলেন, আরও একটি হামলার ঘটনা যে ঘটবে এটা আমরা বিশ্বাস করি। এটা ‘যদির’ কোনও ব্যাপার নয়। আমাদের যেভাবে প্রস্তুত থাকার কথা, আমরা তেমন প্রস্তুত নই।
সাবেক কমিশনের পাঁচ রিপাবলিকান ও পাঁচ ডেমোক্র্যাট সদস্যদের সুপারিশ এখন ‘৯/১১ পাবলিক ডিসকোর্স প্রজেক্ট’ নামে বেসরকারি একটি গোষ্ঠীর তহবিল দ্বারা সমর্থিত হচ্ছে। তারা বলেছে, সরকার ‘এ’ গ্রেডের চেয়ে বেশি ‘এফ’ গ্রেড পেয়েছে। তাদের ভাষায়, প্রস্তাবিত ৪১ টি ক্ষেত্রে পরিবর্তন আনতে সুপারিশ করা হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।
২০০৪ সালের জুলাই মাসে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার একটি জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ সৃষ্টির মাধ্যমে কমিশনের মূল প্রস্তাব বাস্তবায়ন করেছে। কিন্তু জরুরি ক্ষেত্রে সাড়া দেওয়ার যে সুপারিশ করা হয়েছিল সেটি এবং অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি বলতে তেমন কিছু নেই।
