ইরাক থেকে মার্কিন সেনার সংখ্যা কমানো হবে: হোয়াইট হাইজ
হোয়াইট হাউজ বলেছে, ইরাকের সার্বিক পরিস্থিতির কারণে আগামী বছর সেখানে মোতায়েনকৃত মার্কিন সেনা সংখ্যা কমিয়ে আনা হবে।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় সেখানে অগ্রগতি অর্জিত হচ্ছে। ফলে ইরাকে মার্কিন সামরিক সদস্যদের উপস্থিতি হ্রাস করা সম্ভব হবে।
আগামী বছর ইরাক থেকে কিছু সেনা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বর্তমান বুশ প্রশাসন চিন্তা ভাবনা করছে।
ইরাকে বর্তমানে ১৬০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র স্কট ম্যাককিলান বলেন, ২০০৬ সালে ইরাকের পরিস্থিতি বিবেচনা করেই সেখান থেকে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে আনা হবে।
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অ্যারিজোনায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন, বিদ্রোহীদের দমনে ইরাকি নিরাপত্তা বাহিনীর সক্ষমতার ওপর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নির্ভর করবে।
তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছেন, ইরাকি নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেতে শুরু করেছে।
দিনে দিনে ইরাকি নিরাপত্তা বাহিনীর দক্ষতা বৃদ্ধি পাচ্ছে বলেও রামসফেল্ড মন্তব্য করেছেন।
পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ইরাকের ১৫ ডিসেম্বরের পার্লামেন্ট নির্বাচনের পর সেখান থেকে মার্কিন সেনার সংখ্যা কমিয়ে আনা শুরু হবে।
