ওয়াশিংটনের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে জার্মানির নয়া চ্যান্সেলরের আহ্বান
জার্মানির নয়া চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন, ইরাকে সেনা না প্রেরণের ব্যাপারে জার্মানির নীতির প্রতি তিনি অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাবেন।
জার্মানির পার্লামেন্ট তাকে চ্যান্সেলর নির্বাচিত করার পর এক ঝড়ো সফরে প্যারিস ও ব্রাসেলস অবস্থানকালে সাবেক পূর্ব জার্মানিতে বড় হওয়া জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর মেরকেল এ অভিমত ব্যক্ত করেন।
সফরকালে মেরকেল জার্মানির সাথে ফ্রান্সের সম্পর্কের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) খসড়া সংবিধান প্রণয়নের ব্যাপারে তিনি জার্মানির সমর্থন চেয়েছেন।
জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পর জার্মানির নেতা হিসেবে এটাই মেরকেলের প্রথম সফর।
বৃহস্পতিবার তিনি লন্ডন সফরে যাবেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের অমীমাংসিত বাজেট নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ব্রাসেলসে অবস্থানকালে মেরকেল ন্যাটোর সদর দপ্তর পরিদর্শন করেন। ইরাক যুদ্ধ নিয়ে মতানৈক্য থাকার পরও ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে একটি অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যের ওপর গুরুত্ব আরোপ করে মেরকেল বলেন, রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য সদস্য রাষ্ট্রগুলোর কাছে ন্যাটোই হওয়া উচিত পছন্দের জায়গা।
প্যারিসে অবস্থানকালে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সাথে সাক্ষাতকালে মেরকের বলেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে ভালো সম্পর্ক উভয় দেশ ও ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউরোপীয় ইউনিয়নের বাজেট প্রশ্নে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে মেরকেল গুরুত্ব আরোপ করেছেন।
মেরকেল তার ইউরোপ সফরে তুরস্কেও সংক্ষিপ্ত সময়ের জন্য যাত্রাবিরতি করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ পাওয়ার ব্যাপার তিনি ইস্তানবুলকে জার্মানির সমর্থন প্রদানের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। তবে তিনি এটাও বলেছেন, সদস্যপদ যেহেতু একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই তুরস্ক ও ইইউ’র মধ্যে গভীর কৌশলগত যোগাযোগ প্রয়োজন।
