শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু
ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে।
বৃহস্পতিবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা রনিল বিক্রমাসিংহের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে।
তামিলদের সাথে শান্তি প্রক্রিয়া ও অর্থনীতির প্রশ্নে ক্ষমতাসীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির রাজাপাকসে ও বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা বিক্রমাসিংহের অবস্থান প্রায় বিপরীত। সেন্টার ফর পলিসি অলটারনেটিভসের বিশ্লেষক পাইকিয়াসোথি সারাভানামোতু বলেছেন, তাদের মধ্যেই জোরালো প্রতিদ্বন্দ্বিতা হবে।
এই নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার এক দশকেরও বেশি শাসনামলের অবসান ঘটবে। তিনি ১৯৯৪ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে এক কোটি ত্রিশ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সাতটায় (গ্রীনিচ মান সময় ০১০০টা) ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে ১৬০০টা (১০০০জিএমটি) পর্যন্ত।
নির্বাচন উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশে নির্বাচন হওয়ার কথা থাকলেও তামিল টাইগার-নিয়ন্ত্রিত শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলে কোনও ভোটগ্রহণ হবে না। তামিল কর্তৃপক্ষ বলেছে, নির্বাচনে তাদের কোনও আগ্রহ নেই এবং কে জয়লাভ করল তা নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই।
নির্বাচন প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবে না বলে লিবারেশন টাইগার অব তামিল ইলম (এলটিটিই) জানিয়েছে।
শুক্রবার নির্বাচনের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
