২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ক্ষেত্রে ইরানের ভূমিকা ইতিবাচক

ইরানের প্রধান পারমাণবিক মধ্যস্থতাকারী আলী লারিজানি বলেছেন, ইউরোপের সাথে আলোচনার সূত্রপাত ফলপ্রসু হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 11:48 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

তবে তিনি বলেছেন, পারমাণবিক জ্বালানি উৎপাদনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ থেকে ইরান সরে আসবে না।

সমঝোতা শুরু করতে আলী লারিজানি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রীদের কাছে চিঠি দিয়েছেন।

এদিকে জাতিসংঘের আণবিক শক্তি কমিশন বলেছে, একটি আন্তর্জাতিক জ্বালানি ব্যাংক স্থাপনের মাধ্যমে ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ থেকে সরে আসতে রাজি করানো যেতে পারে।

লারিজানি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করতে ইরানের প্রতি বারবার চাপ দেওয়া হলে তা ইউরোপের জন্য একটি ভুল হবে।

পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক বিতর্কের নিরসনে ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ-ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি-ইরানকে প্রস্তাব দিলে তেহরান আগস্ট মাসে তা প্রত্যাখ্যান করে। সেই থেকে তাদের মধ্যেকার সমঝোতা স্থগিত রয়েছে।

লারিজানি বলেন, ইরানের রূপান্তকরণ প্রক্রিয়া কখনই গুরুত্বপূর্ণ ছিল না। পশ্চিমা বিশ্ব এটাকে অতিরঞ্জিত করে তুলেছে।

ইরান তার পারমাণবিক জ্বালানি রূপান্তরকরণ প্লান্টে চলতি সপ্তাহে নতুন করে কাঁচামাল প্রেরণ করার পরিকল্পনা করছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, লারিজানি তা স্বীকার করেছেন।

ওয়াশিংটন তেহরানের পদক্ষেপকে ভুল উদ্যোগ বলে আখ্যায়িত করেছে।

ডানপন্থি লারিজানি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে ইরানের ক্ষমতাকে তিনি দেখাতে চান। আর ইউরেনিয়াম রূপান্তরকরণ প্রক্রিয়ার সচল করা তারই প্রমাণ।

তিনি আরও বলেন, চীন, রাশিয়া ও অন্যান্য জোট নিরপেক্ষ দেশগুলোর সাথে ইরান যেভাবে আলোচনা করছে, তেমনিভাবে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা ফলপ্রসু হতে পারে।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে ওয়াশিংটন অভিযোগ করে আসছে। অপরদিকে তেহরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য পুরোটাই শান্তিপূর্ণ।

এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের প্রধান মোহাম্মেদ এলবারাদি বলেছেন, ইরানের সহযোগিতার লক্ষণ দেখা যাচ্ছে।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের পারচিনের পারমাণবিক প্রকল্পে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সাম্প্রতিক পরিদর্শনের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিকভাবে সমর্থিত জ্বালানি ব্যাংক প্রতিষ্ঠা করতে এলবারাদি যে প্রস্তাব দিয়েছেন, ওয়াশিংটন তার প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন।