‘এফটিএএ’ সম্মেলনে বিক্ষোভ, সংঘর্ষ
আর্জেন্টিনায় ‘ফ্রি ট্রেড অব আমেরিকা’ (এফটিএএ) সম্মেলনকে সামনে রেখে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সম্মেলন স্থলের কাছে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। সম্মেলনে ৩৪জন আমেরিকান নেতার যোগ দেওয়ার কথা রয়েছে।
বিক্ষোভকারীরা সম্মেলন স্থলের বাইরে নিরাপত্তা বেস্টনীর কাছে বিক্ষোভকালে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় তারা একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেয়।
আমেরিকান অঞ্চলের মুক্ত বাণিজ্য ও দারিদ্র্য নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও যোগ দেবেন।
ধারণা করা হচ্ছে মুক্ত বাণিজ্য পরিকল্পনার ব্যাপারে প্রেসিডেন্ট বুশ ব্যাপক বিরোধিতার মুখোমুখি হবেন।
এর আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছিলেন, তিনি এফটিএএ-এর কবর রচনা করবেন এবং মার্কিন পূঁজিবাদকে পরাজিত করবেন।
সম্মেলন স্থল আর্জেন্টিনার সমুদ্র তীরবর্তী শহর মার ডেল প্লাটায় আট হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্মেলন বিরোধী স্লোগান শান্তিপূর্ণভাবেই শুরু হয়। বিক্ষোভকারীরা বুশের বিরুদ্ধে ‘গেট আউট বুশ’ স্লোগান দিতে থাকে।
বিক্ষোভে আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনা অংশ নেন।
একদল বিক্ষোভকারী মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকান ভাংচুর ও আগুন ধরিয়ে দিলে বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়।
এ সময় পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। স্থানীয় পত্র পত্রিকার প্রতিবেদনের বলা হয়েছে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
বিক্ষোভকারীদের যুক্তি, মুক্ত বাণিজ্য সংক্রান্ত মার্কিন পরিকল্পনা এ অঞ্চলের দারিদ্র আরও বাড়িয়ে দেবে।
একটি ফুটবল স্টেডিয়ামে বিক্ষোভকারীদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হুগো শ্যাভেজ বলেন, এই মার ডেল প্লাটাতেই এফটিএএ-এর কবর রচনা করা হবে।
তিনি বলেন, কেবল ঐক্যবদ্ধভাবেই আমরা মার্কিন পূঁজিবাদকে পরাজিত করতে পারি এবং এভাবেই আমরা মানুষকে একটি উন্নত জীবন দিতে পারি।
শুধু মার ডেল প্লাটা নয় বুয়েন্স আয়ার্স, উরুগুয়ে এবং ভেনিজুয়েলাতেও বিক্ষোভ হয়েছে।
