২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু ঠেকাতে অভিন্ন কৌশলের খোঁজে বিশ্ব স্বাস্থ্য নেতৃবৃন্দ

ইউরোপ থেকে এশিয়া-প্রতিটি দেশেই এখন বার্ড ফ্লু মহামারি আকারে ছড়িয়ে পড়ে কি-না, এ নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

১৯১৮ সালে একটি ভিন্ন ধরণের বার্ড ফ্লু ভাইরাস ‘স্পেনিস ফ্লু’ বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল এবং এতে আক্রান্ত হয়ে প্রায় ৪ কোটি লোক মারা যায়। এই মহামারীর কথা স্মরণে রেখেই আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রধান নের্তৃবৃন্দ এবং ত্রিশটিরও অধিক দেশের উর্ধ্বতন কর্মকর্তারা কানাডার রাজধানী অটোয়াতে সোমবার এক বৈঠকে মিলিত হন। বার্ড ফ্লু মহামারি আকারে ছড়িয়ে পড়ার হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি সম্মিলিত বিশ্ব কৌশল তৈরী করাই এর লক্ষ্য।

যাযাবর পাখীর মাধ্যমে এইচ ৫এন ১ বার্ড ফ্লু ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়ছে এবং গৃহপালিত হাঁস-মুরগির সংস্পর্শে গিয়ে তা মানবদেহে প্রবেশ এবং মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।

পাখি থেকে এই রোগ এ পর্যন্ত ১২০ জন মানুষকে আক্রান্ত করেছে এবং এর মধ্যে ৬৩ জনই এই ভাইরাসে মারা গেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার থাইল্যান্ডে একজন মারা গেছে।

এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ইউরোপের রাশিয়া, ক্রোয়েশিয়া, ব্রিটেন ও সুইডেনে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও গত রোববার ফিলিস্তিন কর্তৃপক্ষ ও সংযুক্ত আরব আমীরাত এই রোগ বিস্তার রোধে বিশেষ সর্তকতা অবলম্বন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জং ওক লী, ফাও-এর মহাপরিচালক জ্যাকুইস দিওফ, জাতিসংঘের ডেভিড নাবারো, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা মাইক লিয়েভিট, ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানের শীর্ষ স্বাস্থ্য প্রতিনিধি কানাডা এই বেঠকে অংশ নিচ্ছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।