২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ১৫ হাজার রুশ সেনা নিহত, অনুমান সিআইএ পরিচালকের

ইউক্রেইনে মস্কো ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর সেখানে এখন পর্যন্ত ১৫ হাজারের মতো রুশ সেনা নিহত ও আরও ৪৫ হাজার আহত হয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 01:24 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

বুধবার দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক উইলিয়াম বার্নস ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা নিয়ে তাদের এ অনুমানের কথা জানান।

যুদ্ধে ইউক্রেইনেরও বিপুল পরিমাণ সেনা নিহত হয়েছে, বলেছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রতিবেশী দেশে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর গত প্রায় ৫ মাসে রুশ বাহিনী ও তাদের মিত্ররা ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের বেশিরভাগই দখলে নিয়েছে।

এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে যাওয়া অংশটি পুরো ইউক্রেইনের প্রায় এক পঞ্চমাংশ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই অর্জনের জন্য রুশ বাহিনীকে বিরাট মূল্য দিতে হয়েছে, কলোরাডোর আস্পেন সিকিউরিটি ফোরামে দেওয়া বক্তৃতায় এমনটিই বলেছেন বার্নস।

“মার্কিন গোয়েন্দাদের সর্বসাম্প্রতিক অনুমান বলছে, তাদের (রাশিয়া) ১৫ হাজারের মতো সেনা নিহত হয়েছে, আর তারও তিনগুণ আহত হয়েছে। অর্থ্যাৎ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

“ইউক্রেইনীয়দেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সম্ভবত রাশিয়ার চেয়ে খানিকটা কম। কিন্তু এরপরও, ব্যাপক হতাহত,” বলেছেন বার্নস।

রাশিয়া এমনকী শান্তিকালীন সময়েও তাদের সামরিক বাহিনীতে কর্মরতদের মৃত্যুর তথ্য ‘গোপন’ রাখে বলে জানিয়েছে রয়টার্স।

সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেইনে তাদের হতাহতের কোনো সংখ্যাও প্রকাশ করছে না। অভিযান শুরুর একমাস পর সর্বশেষ গত ২৫ মার্চ তারা ইউক্রেইনে তাদের এক হাজার ৩৫১ সেনার মৃত্যুর কথা জানিয়েছিল।

অন্যদিকে কিইভের সরকার জুনে যুদ্ধে প্রতিদিন তাদের ১০০ থেকে ২০০ সেনা মারা পড়ছে বলে স্বীকার করে নিয়েছিল।

বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো ইউক্রেইনকে ঘিরে যে লক্ষ্য ঠিক করেছিল, তার আওতা বেড়েছে। কেবল দনবাসই নয়, তাদের লক্ষ্য এখনও আরও অনেক কিছু।

তবে বার্নস বলছেন, এখন পর্যন্ত রুশ সেনাদেরকে দনবাস ছাড়া ইউক্রেইনের অন্য অংশ দখলে তেমন মনোযোগ দিতে দেখা যাচ্ছে না। যা ইঙ্গিত দিচ্ছে, অভিযানের শুরুর দিকের ব্যর্থতা থেকে তারা বড় ধরনের শিক্ষা নিয়েছে।

মস্কো ইউক্রেইনে অভিযানের শুরুর দিকেই কিইভ দখলের চেষ্টা করে ব্যর্থ হয় বলে ভাষ্য পশ্চিমাদের।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তার প্রশাসনের ভেতর বড় ধরনের শুদ্ধি অভিযান চালাতেও দেখা যাচ্ছে। রুশ গুপ্তচরদের নির্মূলে ব্যর্থতার কারণে তিনি এরই মধ্যে অনেক সরকারি কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন, অসংখ্য রাষ্ট্রদ্রোহ মামলারও ঘোষণা দিয়েছেন।

যুদ্ধক্ষেত্রে সহায়তায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেইনকে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে; সে কারণেই জেলেনস্কির প্রশাসনের ভেতর রুশ অনুপ্রবেশকারীদের নিয়ে পেন্টাগন ও সিআইএ-র সাবধান হওয়া উচিত কিনা, সেই প্রশ্নও উঠছে।

বার্নস অবশ্য এখনও এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। 

“যে অংশীদারিত্ব আমরা নির্মাণ করেছি, তা যে কার্যকর সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা ইউক্রেইনের নেতৃত্ব ও সেনা সদস্যদের সঙ্গে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছি, যেগুলোকে তারা খুব কার্যকরভাবেই ব্যবহার করছে,” বলেছেন এ সিআইএ পরিচালক।