২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন মোদীর কট্টর সমালোচক ভারতীয় সাংবাদিক জুবাইর

ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন অভিযোগে গত মাসে গ্রেপ্তার হওয়া ভারতীয় সাংবাদিক মোহাম্মদ জুবাইর জামিনে মুক্তি পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 10:31 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসেবে পরিচিত জুবাইর বুধবার সুপ্রিম কোর্ট থেকে জামিন পান।

চার বছর আগে করা একটি টুইটের জের ধরে ভারতের ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ‘অল্টনিউজ’ এর সহপ্রতিষ্ঠাতা জুবাইরের বিরুদ্ধে উত্তর প্রদেশে ছয়টি মামলা করা হয়।

সুপ্রিম কোর্ট ওই সবগুলো মামলায় জুবাইরকে জামিন দিয়েছে এবং পুলিশকে তিরস্কার করে বলেছে, ‘‘কাউকে গ্রেপ্তারের ক্ষমতা সংযত হয়ে ব্যবহার করা উচিত।”

টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০ হাজার রুপি জামানতে জুবাইরকে জামিন দেওয়া হয়েছে। জামানতে ওই অর্থ প্রদানের সঙ্গে সঙ্গে জুবাইরকে মুক্তি দিতে তিহার জেলের সুপারিনটেনডেন্টকে আলাদত থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এজন্য বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

এরপর সন্ধ্যায়ই জুবাইর কারাগার থেকে ছাড়া পান বলে এনডিটিভি জানিয়েছে।

বিবিসি জানায়, মোহাম্মদ জুবাইর ২০১৮ সালে টুইটারে নিজের একাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। যেটি হিন্দুদের ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে’ বলে সম্প্রতি এক টুইটার ব্যবহারকারীর দাবির ভিত্তিতে দিল্লি পুলিশ গত ২৭ জুন জুবাইরকে গ্রেপ্তার করে।