২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, মস্কোয় মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লায়িং এবং শীর্ষ রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যকার বৈঠকের পর দু’দেশ এখন নিবিড় প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Jul 2022, 05:14 PM

Updated : 14 Jul 2022, 07:03 PM

বৈঠকটি সোমবার হয়েছে এবং হ্লায়িং ব্যক্তিগত এক সফরে রাশিয়ায় আছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়।

“দুই দেশের সামরিক বিভাগের মধ্যে অবিরাম বহুমুখী সহযোগিতা গড়ে তুলতে পারষ্পরিক কার্যকলাপের বিষয়টি বৈঠকে নিশ্চিত করা হয়েছে” বলে জানানো হয়েছে বিবৃতিতে।

জাতিসংঘে মিয়ানমার বিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ থমাস এন্ড্রুজ ফেব্রুয়ারিতে বলেছিলেন, মিয়ানমার জান্তা সরকারকে ড্রোন, দুই ধরনের জঙ্গি বিমান ও দুই ধরনের সাঁজোয়া যান সরবরাহ করেছে রাশিয়া।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে নেত্রী অং সান সু চির বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভে দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সামরিক বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদের দমিয়ে রাখছে।

জাতিসংঘ বলছে, তাদের তদন্তে দেখা গেছে, মিয়ানমারের সামরিক বাহিনী গণহারে মানুষ হত্যা করছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। তবে মিয়ানমার জান্তা এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করছে।