চীনে ব্যাংকের বিরুদ্ধে বিক্ষোভে সহিংসতা
চীনের হেনান প্রদেশে ব্যাংকের বিরুদ্ধে শত শত মানুষের বিক্ষোভ রোববার নিরাপত্তা কর্মকর্তাদের হস্তক্ষেপে সহিংস রূপ নিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝুতে চীনা সেন্ট্রাল ব্যাংকের সিঁড়িতে বসে বিক্ষোভকারীরা ব্যানার হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ করছিল।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বিক্ষোভকারীদেরকে চলে যেতে বলে। এর কিছুক্ষণ পরই সাদা পোশাক পরা একদল নিরাপত্তা কর্মকর্তা বিক্ষোভকারীদের দিকে এগিয়ে গেলে সংঘর্ষ শুরু হয়।
স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে নিরাপত্তা কর্মকর্তাদের দলটিকে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে তাদেরকে টানা-হেঁচড়া করতে দেখা যায়। বিক্ষোভকারীরাও তাদের দিকে বোতল ছুড়ে মারে। সংঘর্র্ষে কয়েকজন আহতও হয়েছে।
বিক্ষোভকারীরা বলছে, কয়েকটি ব্যাংক তাদের লাখ লাখ ডলারের ডিপোজিট ফ্রিজ করেছে। ব্যাংকের অভ্যন্তরীন ব্যবস্থা ঢেলে সাজানোর কারণে এটি করা হয়েছে বলে জানানো হয়েছে সেই এপ্রিলে। কিন্তু এরপর থেকে এতদিনেও তাদের সঙ্গে ব্যাংক এ ব্যাপারে কোনও যোগাযোগ করেনি।
গতমাসের শুরুর দিকেই এমন ঘটনায় চারটি ব্যাংকের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এইসব ব্যাংকে মানুষের আটকে থাকা আমানতের অংক দেড়শ কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে চীনা গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
কর্তৃপক্ষ তিনটি ব্যাংকে তদন্ত চালাচ্ছে। ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই রোববার চীনের সেন্ট্রাল ব্যাংকের ঝেঙঝু শাখার বাইরে বিক্ষোভে জড়ো হয় প্রায় ১ হাজার মানুষ।
